মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলমান থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম–এর ৪৭৪ শতাংশ জমি এবং তিনটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে ঢাকার মহাখালীর একটি পাঁচতলা বাড়ি এবং মানিকগঞ্জে একটি দোতলা ও একটি চারতলা ভবন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ–এর আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের আদেশ অনুযায়ী, জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে ২ হাজার ৫০০ বর্গফুট জমির ওপর নির্মিত পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জে পৈত্রিকসূত্রে প্রাপ্ত দোতলা একটি বাড়ি এবং মানিকগঞ্জ সদরে ২ হাজার ১০৯ বর্গফুট আয়তনের চারতলা একটি ভবন। ওই ভবনে ‘মমতাজ চক্ষু হাসপাতাল’ রয়েছে।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক এসব সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মানিকগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলমান থাকায় সংশ্লিষ্ট ব্যাংক হিসাব অবরুদ্ধ করা এবং স্থাবর সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
