মন্ত্রণালয়ের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘বাকেরকে’ ব্যালট প্রদান

বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির নির্বাচন

** ফারদিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. বাকের হোসেনের বিরুদ্ধে প্রায় ২০৯ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে
** ভ্যাট-কর ও শুল্ক ফাঁকি এবং বন্ড সুবিধার অপব্যবহারের অভিযোগ রয়েছে
** মো. বাকের হোসেন ও তার ছেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে
** মো. বাকের হোসেনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণসহ নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান মো. সালাহউদ্দিনের কাছে পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
** মন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে মো. বাকের হোসেনকে ব্যালট দিয়েছে নির্বাচনি বোর্ড চেয়ারম্যান
** সংগঠনের এক হাজার ২০০ ভোটারের মধ্যে ৭০০ ভুয়া ভোটার রয়েছে বলে দাবি করেন সদস্যরা। মো. সালাহউদ্দিনের নির্বাচনি বোর্ডকে অপসারণ করে প্রশাসকের মাধ্যমে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন সদস্যরা
** মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করায় বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির নিবন্ধন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা

দুই ব্যাংকে ঋণখেলাপি প্রায় ২০৯ কোটি টাকা। ঋণখেলাপির দায়ে মামলা হয়েছে। রয়েছে ভ্যাট-কর ও শুল্ক ফাঁকির সুর্নিদিষ্ট অভিযোগ। এছাড়া রয়েছে ফৌজদারি মামলা। এসব অভিযোগের সুর্নিদিষ্ট প্রমাণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে রয়েছে। সেজন্য বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ফারদিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. বাকের হোসেনের বাণিজ্য মন্ত্রণালয়কে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। একইসঙ্গে ব্যবস্থা নিয়ে নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে নির্বাচনের আয়োজন করা হয়েছে। এমনকি মো. বাকের হোসেনের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে নির্বাচনের তাকে ব্যালট দেওয়া হয়েছে। নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান হাজী মো. সালাহউদ্দিনের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনে মো. বাকের হোসেনকে ব্যালট দেওয়ার অভিযোগ উঠেছে। সংগঠনের একাধিক সদস্য জানিয়েছেন, বাকের ঋণখেলাপি, ভ্যাট-কর ও শুল্ক ফাঁকিবাজ। বাকের ও তার ছেলের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ও সংগঠনের নিয়মের বাহিরে গিয়ে মো. বাকের হোসেনকে মো. সালাহউদ্দিন সুবিধা দিচ্ছে। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করায় সংগঠন ঝুঁকির মধ্যে পড়তে পারে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
Baker Plastic
সূত্রমতে, আগামী ১২ নভেম্বর বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির ২০২৬-২৭ ও ২০২৭-২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে মো. বাকের হোসেন সভাপতি পদে নির্বাচন করছেন। তবে বাকের হোসেন তথা ফারদিন গ্রুপের প্রতিষ্ঠান স্টার ইউপিভিসি পাইপ ও স্টার পাইপ এন্ড প্লাস্টিক এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভ্যাট-কর ও শুল্ক ফাঁকি, বন্ড সুবিধার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া দুইটি প্রতিষ্ঠান আল-আরাফা ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখায় প্রায় ১৯০ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংক ইমামগঞ্জ শাখায় প্রায় ১৯ কোটি টাকা ঋণখেলাপি হয়েছে। মো. বাকের হোসেন ও তার ছেলের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণখেলাপি হলে, ভ্যাট-আয়কর ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ও নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে সংগঠনের নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ ওই ব্যক্তি নির্বাচন করতে পারবেন না।
Baker Plastic 1 scaled

সূত্র আরও জানায়, মো. বাকের হোসেনের বিরুদ্ধে ঋণখেলাপি, ভ্যাট ও আয়কর ফাঁকি ও ফৌজদারি মামলা রয়েছে-সুর্নিদিষ্ট প্রমাণসহ বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে। আনোয়ার হোসেন নামের একজন ব্যবসায়ী বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ধারা ৩ এর অধীনে বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির বিষয় তথা মো. বাকের হোসেনের বিষয়ে ১৮ অক্টোবর অভিযোগ দাখিল করেন। অভিযোগ আবেদনে সমিতির ২০২৬ সালের নির্বাচনে ২০২৭-২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের সভাপতি পদে প্রার্থীর যোগ্যতা ও নির্বাচনের বৈধতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। মন্ত্রণালয় অভিযোগের সত্যতা যাচাই করে তা সঠিক পান। ফলে সমিতির নির্বাচনে সভাপতি পদের প্রার্থীদের ঋণখেলাপি প্রতিবেদন, কর-ভ্যাট ও শুল্ক পরিশোধের হালনাগাদ তথ্য ও প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্স প্রতিবেদন যাচাই করে মন্ত্রণালয়কে জানাতে নির্দেশনা দেয়। একইসঙ্গে বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এর ২৩(৩) বিধি মোতাবেক বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির ২০২৬-২৮ মেয়াদি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ঋণখেলাপি প্রতিবেদন, কর-ভ্যাট ও শুল্ক পরিশোধের হালনাগাদ তথ্য এবং পুলিশ ক্লিয়ারেন্স প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়কে প্রদান করে নির্বাচনের আয়োজন করতে সংগঠনের নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান হাজী মো. সালাহউদ্দিনকে নির্দেশ দেন।

Baker
সংগঠনের একাধিক সদস্য অভিযোগ করেছেন, মো. বাকের হোসেনের বিরুদ্ধে ঋণখেলাপি, ভ্যাট-কর ও শুল্ক ফাঁকির অভিযোগ এবং মামলার প্রমাণ থাকার পরও নির্বাচনি বোর্ড কোন ব্যবস্থা নেয়নি। এমনকি মন্ত্রণালয় এসব প্রতিবেদন যাচাই ও মন্ত্রণালয়কে পাঠানোর পর নির্বাচন আয়োজন করতে বলা হলেও তা নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান মানেনি। মন্ত্রণালয়ের নির্দেশনাকে মো. সালাহউদ্দিন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মো. বাকের হোসেনকে ব্যালট দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় প্রমাণসহ চিঠি দেওয়ার পরও নির্বাচনে সভাপতি পদে মো. বাকের হোসেনকে নির্বাচনি বোর্ডে ব্যালট দেওয়ায় সমিতির এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। সংগঠনের এক হাজার ২০০ ভোটারের মধ্যে ৭০০ ভুয়া ভোটার রয়েছে বলে দাবি করেন তারা। সমিতির সদস্যরা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নির্বাচন আয়োজন করার অনুরোধ জানিয়েছে। তারা বলছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করায় সংগঠনের নিবন্ধন ঝুঁকিতে পড়তে পারে। একজন ঋণখেলাপি, মামলার আসামি ও রাজস্ব ফাঁকি দেওয়া ব্যক্তির জন্য সংগঠনের সুনাম ক্ষুন্ন হতে পারে না। মো. সালাহউদ্দিন নির্বাচনি বোর্ডকে অপসারণ করে প্রশাসকের মাধ্যমে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন সদস্যরা।