মধ্যবিত্তের নাগালের বাইরে ঢাকার ফ্ল্যাট

ঢাকা ও অন্যান্য বড় শহরে মধ্যবিত্তের জন্য নিজের ফ্ল্যাটের স্বপ্ন এখন কঠিন। বেসরকারি গবেষণার তথ্য অনুযায়ী, রাজধানীতে ১ হাজার থেকে ১৫০০ বর্গফুটের মাঝারি মানের ফ্ল্যাটের চাহিদা বেশি, যার প্রতি বর্গফুটের গড় দাম প্রায় ৮ থেকে ১২ হাজার টাকা। আবাসন ব্যবসায়ীদের মতে, উচ্চ সুদহার ও নির্মাণ ব্যয়ের ঊর্ধ্বগতিতে ফ্ল্যাটের দাম লাগামহীন হয়ে উঠেছে। অনেক বেসরকারি চাকরিজীবী বছরের পর বছর ধরে সঞ্চয় করছেন নিজের ফ্ল্যাট কেনার জন্য, কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও সামর্থ্যের মধ্যে ফ্ল্যাট পাচ্ছেন না।

বেসরকারি গবেষণা সংস্থাগুলোর তথ্য বলছে, ঢাকায় একটি ফ্ল্যাটের গড় দাম এখন প্রতি বর্গফুট ৮ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে। সে হিসাবে ১ হাজার ২০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনতে প্রয়োজন হয় প্রায় ৯৬ লাখ থেকে ১ কোটি ৮০ লাখ টাকা। যা বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারিতে গৃহঋণের সর্বোচ্চ সুদের হার ছিল ৯ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ১৭ শতাংশে। চলতি বছরেও উচ্চ সুদের এই প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘সুদের হার কমানো যাচ্ছে না। যেসব ব্যাংকের তারল্য সংকট আছে তারা সুদের হার কমালে ডিপোজিট পাবে না।’

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব জানায়, গত তিন বছরে রডের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ, সিমেন্ট ২৫ শতাংশ এবং ফিটিংস ও বৈদ্যুতিক সরঞ্জামের দাম গড়ে ২০ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, পরিকল্পিত নগরায়ন, সহজ শর্তে গৃহঋণ এবং নির্মাণ সামগ্রীর বাজার নিয়ন্ত্রণ ছাড়া ফ্ল্যাটের দাম কমার সম্ভাবনা নেই। রাজধানীর চাপ কমাতে ঢাকার বাইরে পরিকল্পিত স্যাটেলাইট সিটি গড়ে তোলার তাগিদ তাদের।