Header – After

মধুমতি ব্যাংকের জুয়েলের ৪৮ কোটি টাকা জব্দ

সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন ওরফে জুয়েল, মধুমতি ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানে ১২৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উদ্যোগে ফ্রিজ করা হিসাবগুলোতে মোট ৪৮ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৫৭০ টাকা ৩৮ পয়সা রয়েছে। এছাড়া ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ও রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের তিনটি বিও হিসাবও জব্দ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযোগ সংশ্লিষ্টদের মধ্যে রয়েছেন শেখ সালাহউদ্দিন ওরফে জুয়েল; তার স্ত্রী শাহানা ইয়াসমিন ওরফে শম্পা, পরিচালক, মধুমতি ব্যাংক পিএলসি; তার তিন ভাই শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ সোহেল উদ্দিন ও শেখ বেলাল উদ্দিন ওরফে বাবু; বোন তাহমিনা খবির; তিন ভাবী শিরিন শেখ, ফারমিনা খানম (স্বত্বাধিকারী, টুঙ্গীপাড়া নেভিগেশন) ও শেখ ওয়াহিদা সুলতানা; এবং ভাতিজি শেখ তাসমিয়া সুনেহরা।

প্রাথমিক অনুসন্ধানে চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করে মানিলন্ডারিংয়ের প্রমাণ পাওয়ায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ঢাকা মহানগর দায়রা জজ (বিশেষ জজ) আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে রোববার (৪ জানুয়ারি) আদালত সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও বিও হিসাবগুলো ফ্রিজের আদেশ দেন।

তিনি আরও জানিয়েছে, শেখ সালাহ উদ্দিন জুয়েল ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান শেষে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

** শেখ জুয়েল-পরিবারের ১২৩ ব্যাংক হিসাব ফ্রিজ