ভোট প্রার্থনা-অর্থ প্রদান বিএনপি জোটের প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে একটি স্কুলে প্রচারণা চালানো ও অর্থ বিতরণের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ফতুল্লার দেলপাড়া স্কুলে এই অভিযোগের ভিত্তিতে জরিমানা করা হয়।

এর আগে, দুপুর ১২টায় দেলপাড়া এলাকায় লিটল জিনিয়াস স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাজির হন তিনি। এ সময় তিনি পুরস্কার বিতরণকালে স্কুলের নির্ধারিত পুরস্কারের পাশাপাশি নিজের পকেট থেকে ২ হাজার টাকা করে তুলে দেন পুরস্কারপ্রাপ্তদের হাতে। একই সময়ে স্কুলের মাইকে খেজুরগাছ প্রতীকে ভোট চাওয়া হয়। সে সঙ্গে টাকা দেওয়ার সময়ও ভোট প্রার্থনা করেন তাঁর অনুসারীরা।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আয়োজক এবং প্রার্থীর প্রতিনিধিরা দোষ স্বীকার করেন। সংসদ নির্বাচনে প্রার্থীর আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে দেড় লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়। আসাদুজ্জামান বলেন, ‘নির্বাচনে প্রার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ভোট চাইতে পারবেন না। কিন্তু মনির হোসেন কাসেমী স্কুলে হাজির হয়েছেন এবং ভোট চেয়েছেন। পুরস্কারের সঙ্গে টাকা তুলে দেওয়ার সময়ও ভোট প্রার্থনা করেছেন। এসব দায়ে তাঁকে জরিমানা করা হয়েছে।’

This will close in 5 seconds