ঢাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে দেশের বড় ও ছোট মিলিয়ে সাতটি বিদ্যুৎকেন্দ্র হঠাৎ ট্রিপ (বন্ধ) করেছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণে একটি সাবস্টেশনও বন্ধ হয়ে যায়। তবে বিদ্যুতের চাহিদা কম থাকায় জাতীয় গ্রিডে বড় কোনো প্রভাব পড়েনি। পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, ভূমিকম্পের পর বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত সাতটি বিদ্যুৎকেন্দ্র ও একটি গ্রিড সাবস্টেশন বন্ধ হয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যান্য বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে।
বিপিডিবির পাঠানো তথ্যে জানা গেছে, ভূমিকম্পের কারণে সামিটের বিবিয়ানায় ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। বিপিডিবির বিবিয়ানা-৩ (৪০০ মেগাওয়াট) বিদ্যুৎকেন্দ্র, আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট, ৫৫ মেগাওয়াট ও ৫০ মেগাওয়াটের তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এছাড়া চট্টগ্রামে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার ৬০০ ইউনিটের একটি কেন্দ্র, সিরাজগঞ্জে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ৭৫ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এছাড়া ঘোড়াশালের গ্রিড সাবস্টেশন অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি লাইন বন্ধ হয়ে গেছে।
বিপিডিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে সকাল ১১টা ৫০ মিনিট পর্যন্ত বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। আরও কিছু কেন্দ্র বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এসব কেন্দ্র পুনরায় চালু করতে সময় লাগবে বলে তিনি জানান। তবে বিদ্যুতের চাহিদা কম থাকায় লোডশেডিংয়ের সম্ভাবনা খুবই কম। এর আগে শুক্রবার সকালে তীব্র ভূকম্পন অনুভূত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ বন্ধ হয়ে যায় বলে জানায় বিপিডিবি। সংস্থাটির জনসংযোগ বিভাগের পরিচালক শামীম হাসান এক বার্তায় বলেন, শক্তিশালী ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় সাময়িক ব্যাঘাত ঘটেছে। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ স্বাভাবিক করতে দ্রুত চেষ্টা চলছে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। আর বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের কারণে রাজধানীতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
