ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় যদি কেউ ভিসা জালিয়াতি করে বা অবৈধ পথ অবলম্বন করে, তবে দেশটির সরকার তাকে ১০ বছরের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করবে। মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাল ভিসার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাজ্য এ ধরনের পদক্ষেপ নেবে।
বিবৃতিতে দেওয়া বার্তায় সারাহ কুক বলেন, ভিসা জালিয়াতি সাধারণ মানুষের স্বপ্ন ধ্বংস করে। সেই সঙ্গে পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। অপরাধমূলক এ কাজে সহায়তাকারীরা মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষাকে পুঁজি করেন, তাদের অর্থ চুরি করে গুরুতর ক্ষতির ঝুঁকিতে ফেলেন।
ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে হাইকমিশনার জানান, শুধু সরকারি চ্যানেল ব্যবহার করে সঠিক রুটের মাধ্যমে বৈধ ভিসা আবেদনগুলো স্বাগত জানায় তাঁর দেশ। তবে যারা জালিয়াতির চেষ্টা করেন, তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।
অপরাধী ও প্রতারকদের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে প্রতি বছর লাখ লাখ পাউন্ড ক্ষতি হয়, এবং বাংলাদেশসহ বিশ্বের দুর্বল মানুষরা শোষণ, আর্থিক ক্ষতি ও আইনি ঝুঁকির মুখে পড়ে। বিশ্বব্যাপী ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন সুবিধা প্রদান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যেখানে অপরাধী চক্রগুলো সম্ভাব্য ভিসা আবেদনকারীদের প্রতারণার জন্য ক্রমবর্ধমান জটিল কৌশল ব্যবহার করছে।
প্রায়ই অতিরিক্ত ফির বিনিময়ে নিশ্চিত ভিসা, যথাযথ যোগ্যতা ছাড়াই চাকরি বা দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয় ভুক্তভোগীদের। বাস্তবতা হলো– প্রতিশ্রুতি পূরণের পরিবর্তে হয় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে পাচার ও শোষণ।
