জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে ঈদে ঘুরতে যাওয়া শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে গেছেন। এ ঘটনায় তিন শিশু নিহত হয়েছে এবং আরো দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬) এবং একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), গামারিয়া এলাকার আবির (১৬)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্রহ্মপুত্র নদের উপর ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতু দিয়ে চরে যাওয়ার ব্যবস্থা করেছে। চরে নগরবাসীর জন্য বিনোদনের ব্যবস্থা করেছে পৌর কর্তৃপক্ষ। ঈদের দিন ঘুরতে বের হওয়া মানুষজন সেই বিনোদন কেন্দ্রে যেতে সেতুর উপর ভিড় জমান। বিকালে মানুষের ভারে সেতুটি ছিঁড়ে যাওয়ার পর উল্টে যায়। অধিকাংশ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে অজ্ঞান অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে খাদিজা, আব্দুল মোতালেব, মায়ামনি এবং আবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করা হয়; যাদের মধ্যে চারজন নিহত হয়েছেন।
