প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া দুদকের দুটি মামলায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে র্যাব-১১ গ্রেফতার করেছে। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
গ্রেফতার মোহাম্মদ আলমগীর (৪৪) আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নোয়াখালী ও সেনবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং সাবেক ব্যবস্থাপক ছিলেন। অভিযোগ রয়েছে, দায়িত্বে থাকাকালীন তিনি জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।
দুদক জানিয়েছে, প্রথম মামলায় আলমগীরের বিরুদ্ধে ৬ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, যেখানে তিনি ভুয়া ঋণগ্রহীতা তৈরি করে অর্থ তুলে নিয়েছিলেন। দ্বিতীয় মামলায় ৮৯টি ভুয়া ঋণ দেখিয়ে আরও ১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এভাবে দুই শাখায় মোট ৮ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা, অর্থাৎ প্রায় ৯ কোটি টাকার আত্মসাতের অভিযোগে আলমগীরের বিরুদ্ধে দুদক দুটি পৃথক মামলা দায়ের করেছে।
দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশে ব্যাংকের শাখাগুলোতে অভিযান চালিয়ে বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ, যাচাই এবং তদন্ত করে অসংখ্য অনিয়ম, জালিয়াতি ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এসব প্রমাণের ভিত্তিতেই নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে মামলা দুটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে মোহাম্মদ আলমগীর পলাতক ছিলেন। অবশেষে র্যাব-১১ এর একটি দল চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, ‘দুদকের মামলায় পলাতক থাকা মোহাম্মদ আলমগীরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি তথ্য দুদকের পক্ষ থেকেই জানানো হবে।’
