বোতলের ক্যাপ ছোড়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

কুষ্টিয়ায় কোমল পানীয়ের বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হামলায় গুলিবিদ্ধরা হলেন— বেড় কালোয়া গ্রামের রাব্বি, জনি, সারুপ, ওবাইদুল, জাহাঙ্গীর, শফি ও আলম। তাদের মধ্যে রাব্বি, জনি ও সারুপের অবস্থা বিবেচনায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বেড় কালোয়া মোড়ে রতন নামের এক যুবক একই গ্রামের ক্যাসেট নামের অপর এক যুবককে লক্ষ্য করে কোমল পানীয়র বোতলের ক্যাপ ছুড়ে মারেন। এ নিয়ে ক্যাসেট ক্ষুব্ধ হলে সেখানে উপস্থিত আলম নামের এক ব্যক্তি রতনকে গালমন্দ করেন।

এই ঘটনার জের ধরে বিকেলের দিকে রতন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ দলবল নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এতে সাতজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনা ও পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইসি ব্যবস্থা নেওয়া হবে।