বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক করা, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং সেবা খাতের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক একটি নতুন ব্যাংক-নির্ভর ডিজিটাল পেমেন্ট কাঠামো চালু করেছে। এ বিষয়ে বুধবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বহির্মুখী রেমিট্যান্স পাঠাতে পারবে। এসব বিদেশি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নতুন ফ্রেমওয়ার্কের আওতায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) চালুর সুযোগ রাখা হয়েছে, যা মূলত একটি ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত-মূল্যের অ্যাকাউন্ট হিসেবে ব্যবহৃত হবে। এসব অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত একটি মাস্টার ডিভিএ-এর অধীনে পরিচালিত হবে। সার্কুলার অনুযায়ী, ডিভিএ ব্যবহার করে ব্যক্তিগত খরচ, চিকিৎসা ব্যয় এবং সরকারি ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে। এছাড়া সদস্যপদ ফি, আইটি সেবার মূল্য, ভিসা ফি, হোটেল বুকিংসহ বিভিন্ন অনুমোদিত খাতে অর্থ পরিশোধের সুবিধা থাকবে। সীমিত পরিসরে অনলাইন ই-কমার্স লেনদেনও এই অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হবে।
এ সুবিধা রিটেনশন কোটা এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের স্থিতির বিপরীতেও প্রযোজ্য হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। তবে এ ধরনের সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগকে ডিজিটাল পেমেন্ট চ্যানেলকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতদিন ব্যাংকগুলো মূলত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাজারসংশ্লিষ্টদের মতে, নতুন এ ফ্রেমওয়ার্ক কার্যকর হলে ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও সেবা বাণিজ্যে আন্তর্জাতিক লেনদেন আরও সহজ হবে। একই সঙ্গে পেপ্যাল, স্ট্রাইপসহ বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনাও বাড়তে পারে।
