হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমানবন্দরের কুরিয়ার শেডের ইজারাদার এবং বাংলাদেশ বিমানের ব্যর্থতার কারণে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইমারত বিধিমালা অনুযায়ী বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ১৮ অক্টোবরের এই অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার কমিটির সদস্যরা প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন এবং পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সারসংক্ষেপ শেয়ার করা হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। প্রতিবেদনে বিমানবন্দরে থাকা একাধিক ত্রুটি প্রকাশ পেয়েছে। এসব ত্রুটি মোকাবিলায় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে বিমানবন্দর পরিচালনার জন্য আলাদা কর্তৃপক্ষ গঠন অন্যতম। তদন্ত কমিটি শঙ্কা প্রকাশ করেছে, দুর্বল ব্যবস্থাপনার কারণে ভবিষ্যতেও বিমানবন্দরে এ ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বেবিচক কুরিয়ার শেড এবং কার্গো শেডের ইজারাদাতা হিসেবে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী স্থাপনা ও পরিচালনায় যথাযথ সুরক্ষা ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এমনকি অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এমন শেডের অংশ অনুমোদিত নকশা অনুসরণ না করেই তৈরি করা হয়েছিল। ইজারাগ্রহী বিমান বাংলাদেশ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা প্রদান করতে ব্যর্থ হয়েছে, আর কুরিয়ার এজেন্সিগুলো তাদের শেডের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। কুরিয়ার শেডে থাকা পণ্যের প্রায় ৭৫ শতাংশ নিলামযোগ্য ছিল। এসব পণ্য অন্যত্র সরানোর সুযোগ থাকলেও কাস্টমস হাউস তা সরায়নি এবং নিলামও করেনি। শেডের অফিস এলাকায় ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ও স্প্রিংকলার ছিল না, কোনো ফায়ার হাইড্রেন্টও পাওয়া যায়নি। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভাতে দেরিতে পৌঁছায়। উত্তরা ফায়ার ব্রিগেডের অগ্নিনির্বাপক গাড়ি দুপুর ২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া অ্যাপ্রোন এলাকায় স্তূপ করা পণ্যের কারণে গাড়ি সোজা অগ্নিকাণ্ডস্থলে যেতে বাধাপ্রাপ্ত হয়; সেখানে প্রায় সবসময় ৪০০ টন পণ্য রাখা থাকে। আমদানি পণ্য সংরক্ষণের কার্যকর ব্যবস্থাপনা ও তদারকি ছিল না। দাহ্য ও বিপজ্জনক পণ্যের জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছিল অনুপস্থিত। বেবিচকের অবকাঠামোর সুরক্ষায় কোনো স্থায়ী ফায়ার স্টেশনও স্থাপন করা হয়নি। কোনো নিয়ম ও সতর্কতা ছাড়াই পলিথিনে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, সংকুচিত বোতলের পারফিউম ও বডি স্প্রে, ইলেকট্রনিক জিনিসপত্র, ব্যাটারি, ওষুধজাত পণ্যের কাঁচামালসহ অত্যন্ত দাহ্য ও বিপজ্জনক পদার্থ এলোমেলোভাবে সেখানে স্তূপ করা হয়েছিল।
তদন্তের মূল বিষয়সমূহ
কমিটি তদন্তে নেমে বিস্ফোরক, অগ্নিসংযোগ, বৈদ্যুতিক ত্রুটি, রাসায়নিক বা গানপাউডারের উপস্থিতি খতিয়ে দেখে। এই প্রক্রিয়ায় ৯৯ জনের মৌখিক ও লিখিত সাক্ষ্য নেওয়া হয়, যার মধ্যে সিভিল এভিয়েশন, বিমান বাংলাদেশ, কাস্টমসসহ বিভিন্ন শাখার কর্মকর্তারা ছিলেন। এছাড়া ডিজিএফআই বিমান, এনএসআই, এপিবিএন, কাস্টমস, কুরিয়ার এজেন্সি এবং বিভিন্ন মিডিয়া থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। এসব থেকে কমিটি নিশ্চিত হয় যে, কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর-পশ্চিম কোণে থাকা ডিএইচএল, আরএস এবং এসআরকে কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল, বুয়েটের বিশেষজ্ঞ, অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিকের প্রতিবেদন থেকেও এই তথ্য প্রমাণিত হয়েছে।
অনুসন্ধানে পাওয়া ত্রুটি
তদন্ত কমিটি প্রধান ত্রুটি হিসেবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ না করাকে চিহ্নিত করেছে। এছাড়া, ২০১৩ সাল থেকে বেবিচকের অধীনে ৭টি অগ্নিকাণ্ড ঘটেছে, যা প্রতিরোধ ও নির্বাপণে তাদের কোনো প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব প্রকাশ করে। গত ২৭ অক্টোবর সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, বেবিচকের ফায়ার সার্ভিসের অবকাঠামো, সরঞ্জাম এবং প্রশিক্ষণে যথেষ্ট প্রস্তুতি নেই। ৯ বছরের দীর্ঘ সময়ে বেবিচক ও এফএসসিডির (ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স) মধ্যে সমঝোতা স্মারক করার জন্য পত্রালাপ চললেও, এ পর্যন্ত কোনো সমঝোতা স্মারক সই হয়নি। বিপজ্জনক পণ্য ভিন্ন স্থানে স্থানান্তরের বিষয়ে ২০২১ সালের বিএনএসিডব্লিউসির সুপারিশও উপেক্ষিত হয়েছে।
তদন্ত কমিটিতে যারা
তদন্ত কমিটিতে তুরস্কের বিশেষজ্ঞ টিমের সদস্য ছাড়াও দেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক, আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বিস্ফোরক পরিদপ্তর, ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেড (ডেসকো), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ এবং কারিগরি ব্যক্তিরা ছিলেন। এ ছাড়া তুরস্কের আফাদ নামে একটি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ দল এ তদন্ত কাজে সহযোগিতা করেছে।
সুপারিশ
বিদ্যমান ব্যবস্থার বাইরে গিয়ে বিমানবন্দরের কার্যক্রম রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। বেবিচক কেবল নিয়ন্ত্রণকারী বা রেগুলেটর হিসেবে দায়িত্ব পালন করবে। বিশেষভাবে, কেপিআইভুক্ত এলাকার সুরক্ষা নিশ্চিত করতে সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক বিমান চলাচল আইন (আইকাও) ও ন্যাশনাল বিল্ডিং কোডের বাস্তবায়ন নিশ্চিত করবে। এছাড়া, বিমান বাংলাদেশের কার্যক্রম শুধু ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। সিভিল এভিয়েশনের মাধ্যমে নিযুক্ত দক্ষ অপারেটরকে গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য কার্যক্রমের দায়িত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ শ্রেণির ফায়ার স্টেশন নির্মাণের ব্যবস্থা করতে হবে। বিমানবন্দরে জরুরি ভিত্তিতে ফায়ার সেফটি প্ল্যান প্রণয়ন করা প্রয়োজন। স্থানীয় ও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিপজ্জনক পণ্য ও রাসায়নিক গুদাম অন্যত্র স্থানান্তর, নিলামযোগ্য পণ্যের জন্য আলাদা কাস্টমস গুদাম স্থাপন এবং অ্যাপ্রোন এলাকায় মালপত্র মজুত নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।
