বেপজায় ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীন প্রতিষ্ঠান

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বিইজেডএ) প্রায় তিন কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড। এ বিনিয়োগের আওতায় প্রতিষ্ঠানটি একটি আধুনিক টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপন করবে। এতে দেশের বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে, স্থানীয় শিল্পের সক্ষমতা শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত বেপজার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিনিয়োগ বাস্তবায়নের অংশ হিসেবে গত ১৬ জুলাই ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, বেপজা অর্থনৈতিক অঞ্চলের ৩৬ হাজার বর্গমিটার জমিতে কারখানাটি স্থাপন করা হবে। উৎপাদন পুরোপুরি চালু হলে প্রতিষ্ঠানটি বছরে প্রায় ২৪ হাজার টন সুতা এবং ২ কোটি মিটার গ্রে ওভেন ফ্যাব্রিক উৎপাদন করতে পারবে। পাশাপাশি এ প্রকল্পে সরাসরি প্রায় ৫৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি। তিনি বলেন, বাংলাদেশ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নে বেপজার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।