বেনাপোল-ঢাকা রুটে ট্রাক ভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা

জ্বালানি সংকট

মধ্যপ্রাচ্যে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর যশোরের বেনাপোল বাণিজ্যে। জ্বালানি তেলের সংকটকে অজুহাত হিসেবে দেখিয়ে অভ্যন্তরীণ পণ্য পরিবহনে বাড়তি ভাড়া নিতে শুরু হয়েছে। গন্তব্য অনুযায়ী ট্রাক ভাড়া কমপক্ষে ৫-৭ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে চট্টগ্রাম ও সিলেট রুটের ভাড়া। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দামও বাড়তে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাক ভাড়া ছিল ২২-২৩ হাজার টাকা। ২ এপ্রিল থেকে সেই ভাড়া নেয়া হচ্ছে ২৮-৩০ হাজার টাকা। চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে আগে গুনতে হতো ৩০-৩৫ হাজার টাকা ভাড়া। এখন সেখানে গুনতে হচ্ছে ৪০-৪২ হাজার টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এ কারণে পণ্যের দাম বেড়ে যাবে।

বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক নিয়ে পণ্য বহনকারী চালক আবুল কাসেম জানান, কয়েক দিনের ব্যবধানে ট্রাক ভাড়া ৫-৭ হাজার টাকা বেড়েছে এবং এ অবস্থা চলতে থাকলে ব্যবসা সমস্যায় পড়বে। আরেক চালক আবদুস সোবহান বলেন, এক গাড়ি চালের জন্য আগের তুলনায় ৫ হাজার টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে, যা পণ্যের দামের ওপর প্রভাব ফেলতে পারে। তিনি আরও অভিযোগ করেন, দেশে তেলের তেমন কোনো ঘাটতি নেই; পর্যাপ্ত তেল থাকলেও মালিকরা অজুহাতে ভাড়া বাড়াচ্ছেন, যার ফলে সাধারণ ব্যবসায়ীরা নিরুপায় হয়ে পড়েছেন।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, ‘দেশে ডিজেলের তেমন সমস্যা নেই। তার পরও নির্দিষ্ট সময়ে তেল না পাওয়ার প্রভাব ভাড়ায় পড়তে শুরু করেছে। পাম্পে চাহিদার অর্ধেক তেল পাওয়া যাচ্ছে। এতেই সমস্যা তৈরি হচ্ছে।’

বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন এ বন্দর দিয়ে ৩৫০-৪০০ ট্রাক পণ্য আমদানি ও ২৫০-৩০০ ট্রাক পণ্য রফতানি হয়। জ্বালানি তেলের দাম না বাড়লেও ট্রাক মালিকরা হঠাৎ করে ২ এপ্রিল থেকে ভাড়া বাড়িয়েছেন কমপক্ষে ৫-৭ হাজার টাকা। এতে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। তারা বলেছেন, ট্রাক ভাড়া বাড়ার কারণে তাদের পণ্যের দামও বাড়াতে হবে। যার প্রভাব ভোক্তার ওপর গিয়ে পড়বে।’

এ ব্যাপারে যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপু বলেন, ‘বাজারে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যক্তি তেলের মজুদ করছে। এ কারণে পাম্পগুলোকে গ্রাহক সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে ট্রাক ভাড়া বাড়িয়েছেন মালিকরা। এতে সব জিনিসের দাম বেড়ে যাবে।’

** জ্বালানি সংকট: ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৫-৬ হাজার