বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত অ্যাপোলো অ্যাপারেলসের ৮১৬ কোটি টাকার খেলাপি ঋণ উদ্ধারে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এমন সময় এই উদ্যোগ নেওয়া হলো, যখন বেক্সিমকো গ্রুপের কয়েকটি কারখানা পুনরায় চালু করতে ২০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে।
নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, জনতা ব্যাংকের লোকাল অফিস অ্যাপোলো অ্যাপারেলসকে রপ্তানি এলসি ও কন্ট্রাক্টের বিপরীতে ব্যাক-টু-ব্যাক এলসি, ইডিএফ সুবিধা, প্যাকিং ক্রেডিট ও অন্যান্য রপ্তানি কার্যক্রমের জন্য ২৫১ কোটি টাকা ঋণ দিয়েছিল। তবে প্রতিষ্ঠানটি এসব ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়। ফলে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত সুদসহ মোট পাওনা দাঁড়ায় ৮১৬ কোটি টাকা, যা এখন খেলাপি হিসেবে শ্রেণিভুক্ত।
ব্যাংকটি এখন খেলাপি ঋণ উদ্ধারে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তফসিলে উল্লেখিত ব্যাংকের কাছে বন্ধক রাখা স্থাবর–অস্থাবর তৃতীয় পক্ষের সম্পত্তি এবং ঋণের জামানত হিসেবে থাকা কারখানার মজুত পণ্য নিলামে তোলা হবে। আগামী ৭ ডিসেম্বর ঢাকার মতিঝিলে জনতা ব্যাংকের কার্যালয়ে নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। এ বিষয়ে জানতে বেক্সিমকোর টেক্সটাইল ও গার্মেন্টস বিভাগের এইচআর ও কমপ্লায়েন্স প্রধান খালিদ শহরিয়ারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ঘটনা জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন।
খালিদ শাহরিয়ার বলেন, ‘আমরা নতুন বিনিয়োগ নিয়ে আলোচনা করছি এবং সবকিছু ইতিবাচকভাবে এগিয়ে নিতে চাই। ঠিক এমন সময়ে ব্যাংকের এই নোটিশ প্রকাশ সত্যিই বিস্ময়কর।’ তিনি জানান, বিষয়টি বেক্সিমকোর আইনি টিম পর্যালোচনা করছে। গত বছর আর্থিক সংকটের কারণে বেক্সিমকোর টেক্সটাইল বিভাগ তাদের কারখানা বন্ধ করে দেয়। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি কারখানাগুলো পুনরায় চালুর পরিকল্পনার কথা জানিয়েছে। তারা জানায়, জাপান–বাংলাদেশ যৌথ উদ্যোগ রিভাইভাল গ্রুপ কোম্পানি লিমিটেড এবং রিভাইভাল প্রজেক্টস লিমিটেডের সহায়তায় পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে।
বেক্সিমকো ও রিভাইভালের যৌথ বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ফিন্যান্সিং পার্টনার ইকোমিলিও যুক্ত আছে। ইকোমিলি মূলত প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন। পরিকল্পনা অনুযায়ী, রিভাইভাল ও ইকোমিলি প্রথম ধাপে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তবে ভবিষ্যতে কারখানার উৎপাদন এবং বৈশ্বিক চাহিদা বাড়লে এই বিনিয়োগ ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে। কারখানাটি চলতি বছরের ডিসেম্বরেই উৎপাদনে ফিরবে বলে আশা করা হচ্ছিল।
এ বিষয়ে জানতে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কোনো সাড়া পাওয়া যায়নি। ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষে বেক্সিমকো গ্রুপের কাছে জনতা ব্যাংকের মোট ঋণ দাঁড়িয়েছিল ২২ হাজার ৭৮ কোটি টাকা, যার মধ্যে ২১ হাজার ৯২০ কোটি টাকা খেলাপি।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, জনতা ব্যাংকের মোট ঋণের ২৫ দশমিক ৫১ শতাংশ যাচ্ছে বেক্সিমকোর অধীনে থাকা ৩০টি প্রতিষ্ঠানে। এর মধ্যে ২৬টি প্রতিষ্ঠান একক গ্রাহকের সর্বোচ্চ ঋণসীমা—সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট—অতিক্রম করেছে। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকোর নেতৃত্বে ছিলেন সালমান এফ রহমান। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তবে গত বছরের আগস্ট থেকে তিনি কারাবন্দি রয়েছেন।
জনতা ব্যাংকের বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার মতে, সালমান এফ রহমান জনতা ব্যাংকের বোর্ড ও কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাংকিং নিয়ম-কানুন এড়িয়ে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিলেন। এসব ঋণের বেশিরভাগই এখন খেলাপি। গত বছরের শেষে জনতা ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৭৯৪ কোটি টাকা, যার মধ্যে ৬৮ হাজার ৬৬ কোটি টাকা খেলাপি হিসেবে শ্রেণিভুক্ত।
