বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

আমদানি মূল্য বেশি হওয়ায় গতকাল শনিবার থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ আছে। বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু রাইয়ান বলেন, বোল্ডার পাথরের আমদানি মূল্য পুনর্নির্ধারণ করা না হলে আমদানি কার্যক্রম বন্ধ থাকবে।
ভারত ও ভুটানের বোল্ডার পাথরের আমদানি মূল্য অনেক বেশি হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারকরা লোকসানে পড়ছেন। এ বিষয়ে জানুয়ারির মাঝামাঝিতে পাথরের মূল্য কমাতে ভারত-ভুটানের রপ্তানিকারকদের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন, ‘ওই চিঠিতে ব্যাংক সুদ ও আমদানি ব্যয় বৃদ্ধি এবং বাজার মূল্যের বিভিন্ন বিষয় উল্লেখ করে ভারত ও ভুটানের পাথর রপ্তানিকারকদের বোল্ডার পাথরের মূল্য পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছে। আমরা ভারত-ভুটানের বোল্ডার পাথর রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করছি।’

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসায়ীরা জানান, তারা ভারত ও ভুটান থেকে যে দামে বোল্ডার পাথর আমদানি করছেন, তাতে লোকসান হচ্ছে। তাই আমদানি করতে পারছেন না। লোকসান ঠেকাতে ভুটান থেকে বোল্ডার পাথর তোর্শা প্রতি মেট্রিক টন ১৫ ডলার ও সামসি প্রতি মেট্রিক টন ১৪ ডলার এবং ভারতের বোল্ডার পাথর তোর্শা প্রতি মেট্রিক টন ১০ ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করতে বলা হয়েছে। কিন্তু ভারত ও ভুটানের পাথর রপ্তানিকারকদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। তাই শনিবার থেকে ভারত ও ভুটানের বোল্ডার পাথর আমদানি বন্ধ রাখা হয়েছে।

This will close in 5 seconds