বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপনেতা নাহিদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদে বিরোধীদলীয় নেতা হতে যাচ্ছেন বলে দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। অন্যদিকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর নাম আলোচনায় রয়েছে। তবে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখন পর্যন্ত এ ধরনের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি বলে নিশ্চিত করেছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম।

সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮টি আসন পেয়েছে। এছাড়া এনসিপি ৬টি এবং খেলাফত মজলিস ৩টি আসন লাভ করায় ১১ দলীয় জোটের মোট আসন দাঁড়িয়েছে ৭৭টি। পাশাপাশি ইসলামী আন্দোলনের একজন এবং সাতজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা সবাই বিরোধী দলের বেঞ্চে বসতে পারেন বলে জানা গেছে। জামায়াত ও ১১ দলীয় জোটের নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, দলীয় প্রধান হিসেবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সংসদীয় দলের নেতা হচ্ছেন—এটি প্রায় নিশ্চিত। বিরোধী দলগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তিনিই পূর্ণ মন্ত্রীর মর্যাদায় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন।

সূত্রমতে, বিরোধীদলীয় উপনেতা কে হবেন তা নিয়ে রয়েছে ৪ জনের নাম। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম রয়েছে সবার আগে। জুলাইযুদ্ধের সেনাপতি হিসাবে তাকেই পছন্দ করা হচ্ছে বেশি। যদি জামায়াতে ইসলামী থেকে উপনেতা করা হয় সেক্ষেত্রে দলের তিনজন নায়েবে আমিরের নাম এসেছে। তারা সবাই দলের শীর্ষস্থানীয় নেতা। তারা হলেন, ১৯৮৬ সালের সংসদ কাঁপানো জামায়াত সংসদীয় দলের নেতা অধ্যাপক মুজিবুর রহমান, ফাঁসির মঞ্চ থেকে ফেরত এসে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এটিএম আজহারুল ইসলাম এবং সাম্প্রতিককালে রাজনীতির আলোচিত ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর মধ্যে অধ্যাপক মুজিবুর রহমানের সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ–এর নাম আলোচনায় রয়েছে; এছাড়া চট্টগ্রামের শাহজাহান চৌধুরী ও সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম–কে সম্মানজনক কোনো পদ দেওয়া হতে পারে। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ ক্ষেত্রে দলের সাবেক আমির মওলানা মতিউর রহমান নিজামী–এর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও মীর কাসেম আলী–এর ছেলে ব্যারিস্টার আহমদ বিনকাসেম আরমান আলোচনায় থাকলেও নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনা বেশি বলে জানা গেছে। সূত্র জানায়, ১১ দলের শরিকদের মধ্য থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিরোধীদলের হুইপ হতে পারেন; তবে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম জানিয়েছেন, সংসদের এসব পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং ১১ দলীয় জোট অটুট রাখতে শরিকদেরও সমন্বয় করে দায়িত্ব দিতে হবে।