Header – After

বিদ্যুৎ, গ্যাস, সারে ভর্তুকি বেড়ে লাখ কোটি টাকা

সার, বিদ্যুৎ ও এলএনজি খাতে ভর্তুকি নিয়ন্ত্রণে রাখতে পারছে না সরকার। চলতি অর্থবছরে মূল বাজেটের তুলনায় সংশোধিত বাজেটে এ তিন খাতে ভর্তুকি প্রায় ৩৬ লাখ টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ কোটি টাকায়। ভর্তুকি হ্রাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চাপ প্রয়োগ করলেও এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।সরকার নিজেও সামগ্রিক বাজেট ব্যবস্থাপনার স্বার্থে ভর্তুকি কমাতে আগ্রহী। তবে বাস্তবতা হলো—এখনও তেমনটা সম্ভব হয়নি। ফলে আইএমএফের চলমান ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় আটকে রয়েছে। এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে ভর্তুকি কমাতে সরকারের ব্যর্থতাকেই।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের মূল বাজেটে তিন খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ ছিল ৬৩ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার কোটি টাকা। মূল বাজেটে বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়। সংশোধিত বাজেটে তা ৬২ হাজার কোটি টাকা ধরা হয়েছে। সারে ভর্তুকি ১৭ হাজার কোটি টাকা থেকে বেড়ে সংশোধিত বাজেটে ধরা হয়েছে ২৮ হাজার কোটি টাকা। এলএনজিতে ভর্তুকির প্রাক্কলন ৬ হাজার কোটি থেকে বাড়িয়ে ৯ হাজার কোটি টাকা করা হয়েছে। কেননা, সেচ মৌসুম ও গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মোকাবিলায় বিদ্যুৎকেন্দ্রে অতিরিক্ত গ্যাস সরবরাহে চার কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে। এতে দুই হাজার ৪০০ কোটি টাকার বাড়তি ভর্তুকি দেওয়া হয়।

অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়ে যাওয়ায় দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এ খাতে ভর্তুকি বাড়াতে হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ ও সারে উচ্চ ভর্তুকি চাহিদার পাশাপাশি আগের অর্থবছরের বকেয়া ভর্তুকি পরিশোধ করতে হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রে আগের চেয়ে বেশি গ্যাস সরবরাহের কারণে আমদানিতেও ভর্তুকি বাড়ানো হয়েছে। বিদ্যুৎ খাতে নানা সংস্কারের মাধ্যমে ১০ শতাংশ খরচ কমিয়ে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাজেটে এ খাতে বরাদ্দ কমে আসবে।

গ্যাস, বিদ্যুৎ ও সারের সরবরাহ এবং বিপণন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে সরকার। মূল্যম্ফীতি ও জনসাধারণের ওপর বিরূপ প্রভাব বিবেচনায় নিয়ে পণ্য ও সেবার দাম নির্ধারণ করা হয়। ভোক্তা পর্যায়ে মূল্য সহনশীল রাখতে দীর্ঘদিন ধরেই এসব খাতে ভর্তুকি দিয়ে আসছে সরকার। যেমন– সম্প্রতি ৫ টাকা দাম বাড়ানোর পরও বর্তমানে সরকারকে প্রতি কেজি ইউরিয়ায় প্রায় ২১ টাকা, ডিএপিতে ৪৯ টাকা, টিএসপিতে ২৩ টাকা ও এমওপিতে ৪০ টাকা ভর্তুকি দিতে হচ্ছে।

অর্থ বিভাগের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০-২১ অর্থবছরে তিন খাতে ভর্তুকি বাবদ ব্যয় হয়েছিল ২০ হাজার কোটি টাকা। এর পরের বছর বেড়ে দাঁড়ায় ২৯ হাজার ৮০০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এ খাতে খরচ প্রায় দ্বিগুণ বেড়ে হয় ৫৪ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ৫৯ হাজার ৩০০ কোটি টাকায় উন্নীত হয়।

বিশেষজ্ঞরা যা বলছেন

সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, গত কয়েক বছরে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি ও কিছু ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতে অস্বাভাবিক ভর্তুকি বেড়েছে। বাজেট ব্যবস্থাপনার স্বার্থে শুধু দাম বাড়িয়ে নয়, ক্যাপাসিটি চার্জসহ অদক্ষতা, অব্যবস্থাপনা ও অপচয় রোধ করে এ খাতের ভর্তুকি কমাতে হবে। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সারে ভর্তুকি অব্যাহত রাখতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার ব্যবহার করা হয়। বিষয়টি খতিয়ে দেখা উচিত।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জ্বালানি খাতের কোম্পানিগুলোর সঙ্গে সরকারের চুক্তি ফের দরকষাকষির মাধ্যমে নবায়ন করে ভর্তুকি কমিয়ে আনার সুযোগ রয়েছে। তা না করে বর্তমান সরকারও আইএমএফের শর্ত মনতে গিয়ে জ্বালানির মূল্য বাড়াচ্ছে। এটি ঠিক হচ্ছে না। আবার দাম বাড়িয়েও সঠিকভাবে ভর্তুকি ব্যবস্থাপনা করতে না পারায় বাজেটের ওপর চাপ বাড়ছে। তিনি বলেন, এলএনজি আমদানি ব্যয়বহুল। স্থানীয়ভাবে গ্যাস উত্তোলনে জোর দেওয়া হলে এত বেশি ভর্তুকি দেওয়ার প্রয়োজন হতো না। গ্যাস স্বল্পতার কারণে সার উৎপাদনও ব্যাহত হচ্ছে। তাই খাদ্য নিরাপাত্তায় কৃষি উৎপাদনের অন্যতম উপাদান সারও আমদানিনির্ভর হয়ে গেছে। সার্বিকভাবে অভ্যন্তরীণভাবে গ্যাসের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।

আরও বরাদ্দ চায় কৃষি মন্ত্রণালয়

সারে ভর্তুকি বাবদ চলতি অর্থবছরের মূল বাজেটে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ২৮ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। তবে এতেও ঘাটতি দেখা দিয়েছে। কৃষি মন্ত্রণালয় সম্প্রতি অর্থ বিভাগে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের বকেয়া ভর্তুকি হিসেবে চলতি বছরেই প্রায় ২৪ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া শুধু ডিসেম্বর পর্যন্তই নতুন করে আরও প্রায় ১৫ হাজার কোটি টাকার চাহিদা উঠেছে।

সব মিলিয়ে সারের ভর্তুকিতে বাড়তি অর্থ বরাদ্দ প্রয়োজন বলে জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জন্য আগাম ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও দিয়েছে তারা। তবে অর্থ বিভাগ আপাতত ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে সম্মত হয়েছে।