সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক খাদ্য ও পানীয় কোম্পানি নেসলের বিরুদ্ধে বিজ্ঞাপনের আইডিয়া নকলের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গেম নির্মাতা প্রতিষ্ঠান আটারি ইন্টারঅ্যাকটিভ অভিযোগ করেছে, নেসলে তাদের ১৯৭০ সালে তৈরি জনপ্রিয় গেম ‘ব্রেকআউট’-এর অনুকরণে কিটক্যাটের একটি বিজ্ঞাপন তৈরি করেছে। এ ঘটনায় কপিরাইট ও ট্রেডমার্ক আইন লঙ্ঘনের অভিযোগে নেসলের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় আটারি ইন্টারঅ্যাকটিভ অভিযোগ করেছে, নেসলে ইচ্ছাকৃতভাবে তাদের তৈরি জনপ্রিয় গেম ‘ব্রেকআউট’-এর অনুকরণে কিটক্যাটের বিজ্ঞাপন তৈরি করেছে। পার্থক্য শুধু এতটুকু যে, মূল গেমে ইট ব্যবহৃত হলেও নেসলের বিজ্ঞাপনে সেখানে কিটক্যাট ব্যবহার করা হয়েছে। এতে নেসলে কপিরাইট ও ট্রেডমার্ক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়। উল্লেখ্য, অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াক একসময় আটারির হয়ে কাজ করার সময় ‘পং’-এর উত্তরসূরি হিসেবে এই ‘ব্রেকআউট’ গেমটি তৈরি করেছিলেন।
‘কিটক্যাট: ব্রেকআউট’ শিরোনামের বিজ্ঞাপনটিতে দেখা যায়, বিভিন্ন বয়স ও পেশার মানুষ কাজের বিরতিতে সোফায় বসে ভিডিও গেম খেলছে। সেখানে ইটের মতো সারিবদ্ধ কিটক্যাট বারগুলো বল ছুড়ে ভেঙে ফেলা হচ্ছে, যা আটারির তৈরি ‘ব্রেকআউট’ গেমের দৃশ্যের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়। আটারির অভিযোগ, এই বিজ্ঞাপনের মাধ্যমে নেসলে তাদের গেম সরাসরি নকল করে কপিরাইট লঙ্ঘন করেছে। এর আগে গত বছরও নেসলে প্রতিদ্বন্দ্বী ক্যাডবেরির সঙ্গে ট্রেডমার্ক বিরোধে হেরে যায়। কিটক্যাট চকোলেটের ‘ফোর ফিঙ্গার শেপ’ নিয়ে করা সেই মামলায় অভিযোগ ছিল, ডেইরি মিল্কের আকৃতি ও রঙের আদলে পণ্য তৈরি করেছে ক্যাডবেরি।
বিশ্বজুড়ে কিটক্যাট চকোলেট তার অনন্য ‘ফোর ফিঙ্গার শেপ’-এর জন্য ভোক্তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নেসলে এই বিশেষ আকৃতির ট্রেডমার্ক জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও কানাডাসহ বহু দেশে নিবন্ধন করেছে এবং অন্য কোনো প্রতিষ্ঠানকে এই নকশা অনুকরণের অনুমতি দেয় না। তবে গত বছরের ডিসেম্বরে ক্যাডবেরির অভিযোগের পর ইউরোপীয় আদালত নেসলের কিটক্যাট শেপ ট্রেডমার্ক বাতিল করে। পরবর্তী জানুয়ারিতে ব্রিটেনের হাইকোর্টও নেসলের যুক্তি খারিজ করে রুল জারি করে। দীর্ঘদিন ধরে ট্রেডমার্ক অধিকার নিয়ে নেসলে ও ক্যাডবেরির মধ্যে এই আইনি লড়াই চলছে।
