চার বছরে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের অ্যাপ ব্যবহার করে ৫০ লাখের বেশি মাসিক সঞ্চয়ী হিসাব বা ডিপিএস খোলা হয়েছে। এই হিসাবের ৩০ শতাংশ নারী গ্রাহকরা খোলেন। এছাড়া মোট হিসাবধারীর ৮০ শতাংশ ঢাকা ও চট্টগ্রামের বাইরে বসবাস করছেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিকাশ। এতে বলা হয়, ৬৪ জেলার গ্রাহকই বিকাশের মাধ্যমে সঞ্চয়ী হিসাব খুলেছেন। সঞ্চয়ী হিসাবের ৫৫ শতাংশ খোলা হয়েছে ব্যাংকিং সময়ের পর। অর্থাৎ গ্রাহকেরা নিজেদের সুবিধামতো সময়ে সেবা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব গ্রাহকের মাসিক সঞ্চয়ী হিসাব ইতোমধ্যে মেয়াদপূর্ণ হয়েছে, তাঁদের ৯৬ শতাংশ বিকাশ অ্যাপের মাধ্যমে মাসিক সঞ্চয়ী হিসাব খোলার আগ্রহ প্রকাশ করেছেন।
বিকাশ অ্যাপের মাধ্যমে চারটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়ী হিসাব খোলা যায়। হিসাবের ধরন অনুযায়ী মেয়াদ ছয় মাস থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত হতে পারে। মাসিক সঞ্চয়ী হিসাবের মাধ্যমে একজন গ্রাহক ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবেন। অ্যাপ থেকে গ্রাহকরা জমা এবং মুনাফা দুটোই দেখতে পারবেন। মেয়াদপূর্ণ হিসাব থাকলে ‘ক্যাশ আউট’ খরচ ছাড়াই মূল অর্থ ও মুনাফা উত্তোলন করা সম্ভব।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্সের মাসিক ডিপিএস সেবা দিয়ে যাত্রা শুরু কররেছিল বিকাশ। এখন এই সেবায় যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। আর বিকাশ অ্যাপে মাসিক ডিপিএসের পাশাপাশি সাপ্তাহিক ডিপিএস সেবা চালু হয় ২০২৪ সালের প্রথমার্ধে। সাধারণ ডিপিএস ছাড়াও যে গ্রাহকেরা ইসলামি শরিয়াহ মোতাবেক সঞ্চয়ে আগ্রহী, তাঁদের জন্য রয়েছে দুটি ব্যাংকের ইসলামিক মাসিক সঞ্চয়ী হিসাব।
