পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির বিরুদ্ধে ঋণ অনিয়ম, অর্থপাচার, শেয়ারহোল্ডারদের সঙ্গে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ যাচাই করতে শর্ত সাপেক্ষে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে প্রাপ্ত এক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। প্রতিবেদনে বিকন ফার্মাসিউটিক্যালস ও বিকন গ্রুপভুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে নিয়মবহির্ভূত আর্থিক লেনদেন এবং পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত গুরুতর অনিয়মের তথ্য উল্লেখ করা হয়েছে। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ শর্তসাপেক্ষে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। তদন্তের বিষয়ে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন: বিএসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমান, উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সহকারী পরিচালক বিনয় দাস।
বিএসইসি মনে করছে, পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে বিএফআইইউয়ের গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখিত কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি থেকে নিয়মবহির্ভূত বিকন গ্রুপভুক্ত অন্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, বিকন ফারমাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত পণ্য বিকন মেডিকেয়ারের ব্যানারে বিক্রির মাধ্যমে শেয়ারহোল্ডারদের সঙ্গে প্রতারণা, বিকন ফারমাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক গৃহীত ঋণ হিসাবের অর্থ বিকন গ্রুপভুক্ত বিকন মেডিকেয়ার লিমিটেডের ঋণ সমন্বয়ের উদ্দেশ্যে ব্যবহার, বিকন মেডিকেয়ার লিমিটেড কর্তৃক গৃহীত ঋণ হিসাবের অর্থ ব্যক্তিগত হিসাবে স্থানান্তর ও শেয়ার মার্কেটে বিনিয়োগ, বিকন মেডিকেয়ার লিমিটেড কর্তৃক গৃহীত ওভারড্রাফট ঋণ হিসাবের অর্থ শেয়ার মার্কেটে বিনিয়োগ এবং পুঁজিবাজারে বিভিন্ন জালিয়াতি ও প্রতারণার বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করা প্রয়োজন।
এ অবস্থায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ২১, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৭ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১৫ সালের সংশোধনীসহ) এর প্রদত্ত ক্ষমতা বলে উল্লেখিত বিষয়ে কমিশন তিন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। গঠিত কমিটি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির বিভিন্ন কার্যপরিধি তদন্ত করে দেখবে। কর্মকর্তারা এই আদেশ জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন এবং কমিশনের কাছে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবেন।
** বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিম মারা গেছেন
** পরিবারসহ বিকনের এমডিকে ৩.৮৫ কোটি জরিমানা

