বিএসইসির তদন্তের মুখে রবি আজিয়াটা

শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসির আর্থিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি সংস্থাটির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা এক আদেশে তদন্তের পরিধি ও শর্ত নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, কোম্পানিটির সাম্প্রতিক আর্থিক লেনদেন, তথ্য প্রকাশের সঠিকতা এবং প্রযোজ্য আইন-বিধি মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করা হবে।

জানা গেছে, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে পরিচালন ব্যয়কে মূলধনি ব্যয় হিসেবে দেখানোর অভিযোগ তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কমিশন যাচাই করবে, এতে প্রকৃত আর্থিক চিত্র লুকানো হয়েছে কি না এবং এ ধরনের লেনদেন থেকে আর্থিক সুবিধা কারা পেয়েছেন।

তদন্তের আওতায় কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং অডিট কমিটির কার্যক্রমও পর্যালোচনা করা হবে। পাশাপাশি, রবি আজিয়াটার চেয়ারম্যান থায়াপারান এস সাংগারাপিল্লাইয়ের ইডটকো গ্রুপে দীর্ঘদিনের পরিচালক পদে থাকা এবং রবি-ইডটকোর মধ্যে লেনদেনের স্বচ্ছতা ও স্বাধীনতা খতিয়ে দেখা হবে। এছাড়া, দুই স্বতন্ত্র পরিচালক আখতার সানজিদা কাশেম ও কামরান বকরের পদত্যাগের পেছনে ‘অযাচিত হস্তক্ষেপ’ ছিল কি না এবং সাংগারাপিল্লাইয়ের নেতৃত্বে পরিচালিত অভ্যন্তরীণ তদন্তের নিরপেক্ষতাও যাচাইয়ের অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের স্বার্থরক্ষা ও করপোরেট সুশাসনের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

রবির ২০২১ ও ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করা হয়েছে কি না এবং শেয়ারহোল্ডারদের প্রশ্ন যেমন আইনি খরচ ও ফরেনসিক খরচের জবাব প্রদান করা হয়েছে কি না, সেটিও তদন্তের অন্তর্ভুক্ত। বিএসইসি জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী অন্য যে কোনো প্রাসঙ্গিক বিষয়ও তদন্তের আওতায় আনা হবে।

এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, আর্থিক অনিয়ম এবং আইন ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কোম্পানিটির বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির অভ্যন্তরীণ সুশাসনের চিত্রটি বেরিয়ে আসবে। তিনি আরও বলেন, তদন্ত কর্মকর্তাদের দায়িত্ব হবে রবি আজিয়টার আর্থিক বিবরণী, সিকিউরিটিজ আইনের পরিপালন এবং করপোরেট সুশাসন সংক্রান্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা। অপরাধ প্রমাণিত হলে কমিশন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

** রবির লেনদেনে অস্বচ্ছতার অভিযোগে খালাস স্থগিত
** তিন খাতে রবির ৩৬৫ কোটি টাকা কর ফাঁকি
** রবির ১,৬৫৮ কোটি টাকার অবৈধ ভ্যাট রেয়াত
** রবির ফাঁকি দেওয়া অর্থ পরিশোধে তালবাহানা
** রবির ৯২৫ কোটি ভ্যাট ফাঁকি, তদন্তে ভ্যাট গোয়েন্দা
** ৪০ ক্যাটেগরিতে রবির ৮৬৭ কোটি টাকা ফাঁকি
** রবির ব্যাংক হিসাব জব্দ থাকবে ৩ দিন
** রবির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা স্থগিত
** রবির বিরুদ্ধে ৯২৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ