বিএমডব্লিউ খালাসে ৫ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

চট্টগ্রাম বন্দর দিয়ে টয়োটা প্রাডো জিপ আমদানির ঘোষণা দিয়ে আসলে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি আনা হয়। জাল কাগজপত্র ব্যবহার করে ওই গাড়ি খালাসের চেষ্টা চলাকালে ধরা পড়ে প্রায় ৪ কোটি ৯৩ লাখ টাকার শুল্ক ফাঁকির পরিকল্পনা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে মেসার্স এইচকে ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানের এই জালিয়াতির তথ্য উঠে এসেছে। সরকারের রাজস্ব ফাঁকি ও জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. কামরুল হাসানের বিরুদ্ধে দুর্নীতি মামলা করার সুপারিশ করেছে সংস্থাটি। লক্ষ্মীপুর সদর উপজেলার ঘনেশ্যামপুর গ্রামের আবদুল্যা মিয়ার ছেলে কামরুলের অফিস নগরের জুবিলী রোডের আজিজ চেম্বারের তৃতীয় তলায়। ঘটনাটি ঘটে ২০২২ সালে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার নাহিদ রওসন বলেন, ‘জালিয়াতি করে বিএমডব্লিউ খালাসের চেষ্টার ঘটনায় দুদক আমাদের কাছে যেসব তথ্য-উপাত্ত চেয়েছে তা সরবরাহ করেছি। গাড়ি খালাসে জালিয়াতির চেষ্টা করেছে আমদানিকরক ও সিঅ্যান্ডএফ এজেন্ট। অনিয়ম ও দুর্নীতির বিষয়টি দুদক দেখছে।’

দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক আবুল হোসেনকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। দুদকের এক সহকারী পরিচালক নাম প্রকাশ না করে জানান, জাল-জালিয়াতি করে প্রায় ৫ কোটি টাকা শুল্ক ফাঁকির প্রমাণ দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। সেই আলোকে মেসার্স এইচকে ইন্টারন্যাশনালের মালিক কামরুল হাসানের বিরুদ্ধে দুর্নীতি মামলা করার সুপারিশ করা হয়েছে। কামরুলই এ ঘটনার মাথা। চলতি মাসের প্রথম সপ্তাহে মামলা করার সুপারিশ চট্টগ্রাম থেকে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে মেসার্স এইচকে ইন্টারন্যাশনালের মালিক কামরুল হাসান বলেন, ‘আমি এ জাল-জালিয়াতির সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্র। আমি সৎভাবে ব্যবসা করেছি। আমরা আগে ঢাকার ওই আমদানিকারকের কোনো পণ্য খালাসের কাজ করিনি। বিষয়টি কাস্টমসকে চিঠি দিয়ে জানিয়েছিলাম। তৃতীয় কোনো ব্যক্তি আমার প্রতিষ্ঠানের নাম ও কাগজ ব্যবহার করে এ জাল-জালিয়াতি করে থাকতে পারে।’

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স এইচকে ইন্টারন্যাশনাল টয়োটা প্রাডো জিপ আমদানির কথা উল্লেখ করে একটি চালান চট্টগ্রাম কাস্টম হাউসে জমা দেয়। কিন্তু কায়িক পরীক্ষায় কাস্টমস কর্মকর্তারা কনটেইনারের ভেতর প্রাডোর বদলে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি এবং ৪০ ইঞ্চি একটি এলসিডি টেলিভিশন পান। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, শুল্কায়ন নোটিশ থেকে শুরু করে শুল্ক কর পরিশোধের ছাড়পত্র—সব কাগজই জাল। প্রায় ৫ কোটি টাকার শুল্ক ফাঁকির এই প্রচেষ্টায় বিল অব এন্ট্রিতে প্রাডোর ঘোষণা দেওয়া হলেও, বাস্তবে আমদানিকারক শহিদুর রহমানের বিএমডব্লিউ গাড়ি খালাসের উদ্যোগ নেওয়া হয়। মেসার্স এইচকে ইন্টারন্যাশনালের মালিক কামরুল মিথ্যা ও জাল নথি ব্যবহার করে ৪ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকার শুল্ককর ফাঁকির চেষ্টা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, ঢাকার জসিমউদদীন অ্যাভিনিউর ইমা টেক্স ট্রেন্ডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান গাড়ির আমদানিকারক। তাদের পক্ষে স্থানীয় এজেন্ট হয়ে কাজ করে নগরীর জুবিলী রোডের আজিজ মেম্বারের এইচকে ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। তারা আমদানি চালানের কাগজ কাস্টম হাউসে দাখিল করে। কিন্তু জালিয়াতির বিষয়টি পরে কাস্টমস কর্মকর্তাদের কাছে ধরা পড়ে। জমা দেওয়া কাগজ ও কাস্টম বন্দর কর্মকর্তাদের স্বাক্ষরও নকল ছিল। পরে কায়িক পরীক্ষা করা হয়। এভাবে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি দুদকের নজরে আসে।