Header – After

বিএফআইইউর প্রধান হলেন ইখতিয়ার উদ্দিন মামুন

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)–এর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর কর কমিশনার হিসেবে কর্মরত। সোমবার (১২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনের নতুন পদমর্যাদা হবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের মর্যাদার। তাঁকে দুই বছর মেয়াদের জন্য নিযুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)–এর ধারা ২৪(১)(ঘ) এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯–এর বিধি ২২ অনুযায়ী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন–কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংক–এর ডেপুটি গভর্নরের সমমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিকভাবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)–এর প্রধান কর্মকর্তা পদে দায়িত্ব পালন করবেন।