উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কিশোরী কন্যাকে এবার সেনাবাহিনীর একটি ট্যাংক চালাতে দেখা গেছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত ছবিতে এ দৃশ্য সামনে আসে, যা বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে—তিনি কি ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে প্রস্তুত হচ্ছেন? কিমের মেয়েটি ‘জু অ্যে’ নামে পরিচিত হলেও তার নাম বা বয়স সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে, তার বয়স প্রায় ১৩ বছর।
প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্যাংকের ড্রাইভারের হ্যাচ থেকে বাইরে তাকিয়ে আছেন তিনি, মুখে দৃঢ় মনোযোগের ছাপ। তার চুল বাতাসে উড়ছে। পেছনে ট্যাংকের টারেটের ওপর ভর দিয়ে বসে আছেন কিম জং উন। একইসঙ্গে ট্যাংকের ওপর বসে থাকতে দেখা যায় তিনজন ইউনিফর্ম পরিহিত সামরিক কর্মকর্তাকে। সাম্প্রতিক সময়ে বাবার সঙ্গে তার প্রকাশ্য উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে তাকে একটি ফায়ারিং রেঞ্জে রাইফেল তাক করতে দেখা যায়। অন্য এক ঘটনায় তাকে পিস্তল দিয়ে গুলি চালাতেও দেখা গেছে।
এদিকে বৃহস্পতিবার কিম জং উন নতুন ধরনের একটি ট্যাংকের মহড়া তদারকি করেন। কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, এই ট্যাংকটি ড্রোন ও অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে উন্নত আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করেছে। বিশ্লেষকদের মতে, কিম পরিবারের উত্তরাধিকার প্রশ্নে দীর্ঘদিন ধরে জল্পনা রয়েছে। এমন প্রেক্ষাপটে কিশোরী কন্যার সামরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং ঘন ঘন প্রকাশ্যে আসা ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির ইঙ্গিত দিতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতা আধুনিকায়নে জোর দিচ্ছে। কৌশলগত অস্ত্রভাণ্ডারের পাশাপাশি দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচিও চালিয়ে যাচ্ছে দেশটি।
