রাজনৈতিক কারণে নিয়োগবঞ্চিত ৩৩০ পুলিশ সদস্যকে পুনরায় চাকরিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৯ বছর আগে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তারা নিয়োগ পাননি। এ বিষয়ে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।
উপসচিব ফরিদা খানমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা ১২৩ পুলিশ সার্জেন্ট ও ২০৭ এসআইয়ের (নিরস্ত্র) নিয়োগ ওই সময় দলীয় বিবেচনায় বাতিল করা হয়েছিল। ২০০৭ সালের সেই বাতিলের আদেশ প্রত্যাহার করে শর্তসাপেক্ষে তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়াটি বাতিল না হলে যেদিন থেকে তারা স্বাভাবিকভাবে সরকারি চাকরিতে যোগ দিতেন, সেই তারিখ থেকে তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। এ ছাড়া মৌলিক প্রশিক্ষণকালসহ শিক্ষানবিশকাল সর্বোচ্চ দুই বছর নির্ধারণ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রার্থীদের বৈধতা যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।
