বাটার জুতা কিনে প্রতারণার শিকার, ভোক্তার কাছে চিঠি

জুতা কিনে প্রতারিত হয়ে বাটা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন ভোক্তা। প্রতিকার না পেয়ে ১০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। এতে কাজ না হওয়ায় এবার ভোক্তার ডিজির কাছে আবেদন করেছেন ভুক্তভোগী। গত সোমবার (১ এপ্রিল) এ আবেদন করেন তিনি।

জানা যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বাটা সু এর নিয়মিত খরিদ্দার। ২০২১ সালের মে মাসে আমেরিকা যাওয়ার আগে যমুনা ফিউচার পার্কের বাটা শো রুম থেকে নিজের স্ত্রীকে কমফিট ব্র্যান্ডের এক জোড়া জুতা উপহার দেন তিনি। সেই সঙ্গে নিজের ও বাচ্চাদের জন্যও জুতা কিনেন ওমর ফারুক। কিন্তু আমেরিকায় যাওয়ার এক সপ্তাহের মধ্যে স্ত্রীর জুতার ওপরের অংশের চামড়া উঠে যায় এবং তা বিকৃত আকার ধারণ করে। যার কারণে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এরপর তিনি ওই জুতাটি রেখে দেন। পরে দেশে ফিরে ২০২২ সালের জুলাই মাসে বাটা কর্তৃপক্ষের কাছে জুতা জোড়াসহ একটি অভিযোগ জানান।

তার অভিযোগটি আমলে না নেয়ায় ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ক্ষতিপূরণ বাবদ বাটার কাছে ১০ লাখ টাকা চেয়ে লিগ্যাল নোটিশও পাঠান। এবারও বাটা কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাওয়া চলতি মাসের ১ এপ্রিল ভোক্তা অধিদপ্তরের ডিজির কাছে বিচার চেয়ে আবেদন করেন তিনি।