বাংলাদেশকে ১৪০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে ১৪০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার কোটি টাকার সমপরিমাণ। এ উপলক্ষে রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি দ্বিপক্ষীয় ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। চুক্তিটির আওতায় মোট চারটি বড় প্রকল্পে অর্থায়ন তথা ঋণ প্রদান করবে এডিবি। প্রকল্পগুলো হচ্ছে— স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২), সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২), সাসেক ঢাকা-সিলেট করিডোর রোড প্রজেক্ট এবং নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্পে।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের কারণে উদ্ভূত বিরূপ পরিস্থিতিতে এডিবির দ্রুত ও সময়োপযোগী অর্থনৈতিক সাড়া দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এই ত্বরিত সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামীকাল এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ‘দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প’ নামে একটি বড় কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তিনি বলেন, এই দীর্ঘমেয়াদি কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশ সরকার ও এডিবির দীর্ঘদিনের অংশীদারত্ব ভবিষ্যতে দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।