বন্ধ হয়ে যাওয়া চারটি বেসরকারি পাটকল চালু করেছে আবুল খায়ের গ্রুপ। ফরিদপুর ও কুষ্টিয়ার এসব কারখানায় বর্তমানে পাটপণ্য উৎপাদন হচ্ছে। চার কারখানায় প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উৎপাদিত পাটপণ্য তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। আবুল খায়ের গ্রুপের আওতায় চালু হওয়া চারটি পাটকল হলো—ফরিদপুরের রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ, দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ ও ফরিদপুর জুট ফাইবার্স এবং কুষ্টিয়া জুট ইন্ডাস্ট্রিজ।
এর মধ্যে বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় সেখানকার শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েছিলেন। সম্প্রতি আবুল খায়ের গ্রুপ কারখানাটি চালু করে। বর্তমানে সেখানে পাটপণ্য উৎপাদনের পাশাপাশি তা রপ্তানিও হচ্ছে। আবুল খায়ের গ্রুপ সূত্রে জানা যায়, চারটি পাটকল থেকে বছরে ৮০ হাজার মেট্রিক টন পাটের সুতা ও পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১২০ কোটি ডলারের পাটের সুতা রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। তুরস্ক ও চীনসহ বিভিন্ন দেশে এসব পাটপণ্য রপ্তানি করা হচ্ছে।
আবুল খায়ের গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ বলেন, পাটপণ্যের ব্যবসা মূলধননির্ভর। দেশের বেসরকারি খাতে অনেক পাটকল বর্তমানে বন্ধ রয়েছে। তাই নতুন কারখানা স্থাপনের পরিবর্তে বন্ধ কারখানাগুলোর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে আবুল খায়ের গ্রুপ। তিনি বলেন, ‘সম্প্রতি পাট ব্যবসায় নামার অংশ হিসেবে বেসরকারি খাতের চারটি বন্ধ পাটকল চালু করেছি। এতে চার কারখানায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এছাড়া বন্ধ হয়ে যাওয়া তিন-চারটি সরকারি পাটকল নেওয়ার জন্যও আমরা আবেদন করেছি।’ শেখ শাবাব আহমেদ আরও বলেন, ভবিষ্যতে বেশি মূল্যের বা ভ্যালু অ্যাডেড পাটপণ্য উৎপাদনের জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, বাংলাদেশের পাটের মান ভালো। পরিবেশবান্ধব এই পণ্যের আন্তর্জাতিক বাজারও রয়েছে। এ কারণে আবুল খায়ের গ্রুপ পাটপণ্যে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে পরোক্ষভাবে পাটচাষিদের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
