বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

ঈদুল আজহার আগে চামড়া ব্যবসায়ীদের জন্য ঋণ পাওয়ার শর্তে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, চামড়া খাতে যে ব্যবসায়ীদের আগের ঋণ পুনঃতফসিল করা রয়েছে, তারা ঈদুল আজহার আগে নতুন করে ঋণ নিতে গেলে আগের বকেয়ার একটি নির্দিষ্ট অংশ পরিশোধের যে বাধ্যবাধকতা ছিল, তা আগামী ৩০ জুন পর্যন্ত শিথিল থাকবে।

এর ফলে আগের ঋণের কিস্তি পরিশোধ না করেও নতুন করে ঋণ নিতে পারবেন তারা। সেই সঙ্গে কোরবানির পশুর কাঁচা চামড়া কিনতে ঋণ বিতরণের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, আগের বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ঋণ বরাদ্দ কোনোভাবেই কম হবে না। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ সীমা নির্ধারণ করতে হবে। এবারের নির্ধারণ করা লক্ষ্যমাত্রা ও বিতরণকৃত ঋণের তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, চামড়া শিল্প দেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত। এই খাতের বড় অংশের কাঁচামাল আসে ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়া থেকে। তাই এই সময় ব্যবসায়ীদের হাতে পর্যাপ্ত অর্থ থাকাটা খুবই জরুরি। এতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রি— সবকিছুই ঠিকভাবে করা সম্ভব হবে।