Header – After

ফ্ল্যাট ও গৃহনির্মাণে খরচ বাড়বে

সরকার আবাসন প্রতিষ্ঠানের সেবার ওপর ভ্যাট বাড়ানোর কারণে ফ্ল্যাট ও বাণিজ্যিক স্থান কেনা মানুষের অতিরিক্ত খরচ হবে। চলতি অর্থবছরে এই খাতে ভ্যাট সাড়ে সাত শতাংশ থাকলেও আগামী অর্থবছরে তা দশ শতাংশে উঠবে। এছাড়া রডের ওপর নির্ধারিত ভ্যাট বাড়ায় নির্মাণের খরচও বাড়বে। ফলে মোট মিলিয়ে ফ্ল্যাট ও বাড়ি নির্মাণের খরচ বৃদ্ধি পাবে।

জুলাই অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশে এবার বাজেট সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। সংসদ না থাকায় বাজেট নিয়ে কোনো আলোচনা বা বিতর্কের সুযোগ নেই। অর্থ উপদেষ্টা উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে বাজেট উপস্থাপন করেছেন এবং ৩০ জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ হিসেবে তা কার্যকর হবে।

তবে পুরনো রীতিনীতি মেনে বাজেট ঘোষণা করার পর পরের দিন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে এসে বাজেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। এছাড়া তিনি জানিয়েছেন, পুরো জুন মাস জুড়ে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হবে।