ফুডপান্ডা ও দারাজের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। এই অভিযোগসমূহ দ্রুত সমাধানের জন্য দুই প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে ছয়টি সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ডিজিটাল মার্কেটপ্লেস দারাজ ও ফুডপান্ডার সঙ্গে ভোক্তার স্বার্থ সংরক্ষণ এবং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পাওয়া অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য করণীয় নির্ধারণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই সভায় এই ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ। অধিদপ্তরের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, ফুডপান্ডা ও দারাজের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। প্রতিষ্ঠান দুটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ই-কমার্স নির্দেশিকার কিছু বাধ্যবাধকতা যথাযথভাবে মানছে না, ফলে ভোক্তারা অসন্তুষ্ট হয়ে অধিদপ্তরে অভিযোগ দাখিল করছেন।
সভায় দারাজ এবং ফুডপান্ডার অনলাইন বিজনেস পলিসি এবং প্রচলিত আইন ও নির্দেশিকা পর্যালোচনা করা হয় এবং আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় পরিচালক (যুগ্মসচিব) সেবাস্টিন রেমাসহ অন্যান্য উপপরিচালকবৃন্দ, সহকারী পরিচালকবৃন্দ, দারাজ ও ফুডপান্ডার প্রতিনিধিরা মতামত ব্যক্ত করেন। বিস্তারিত আলোচনান্তে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ নেওয়া হয়-
১. আইন ও নির্দেশিকা অনুযায়ী দারাজ ও ফুডপান্ডা অনলাইন বিজনেস পলিসি ও নানা শর্তাবলী ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় প্রণয়ন করবে।
২. অভিযোগ জানানোর জন্য চ্যাটবক্স ছাড়াও টেলিফোন, মোবাইল, ইমেইল ও অন্যান্য ব্যবস্থা রাখতে হবে।
৩. ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে পণ্য যাচাই করে পরিশোধ করার ব্যবস্থা রাখতে হবে।
৪. মার্কেটপ্লেসে যেসব পণ্য প্রদর্শিত হবে যেসব পণ্যের মান ও গুণাগুণ নিশ্চিত করার দায়িত্ব মার্কেটপ্লেসের। তাই মার্কেটপ্লেস সমূহ বিক্রেতা, বিক্রেতা প্রতিষ্ঠান ও পণ্য নিজ দায়িত্বে যাচাই বাছাই করে মার্কেটপ্লেসে প্রদর্শনের ব্যবস্থা নেবে।
৫. নির্ধারিত সময়ে সঠিক পণ্য সরবরাহে ব্যর্থ হলে নির্দেশিকা অনুযায়ী যথাসময়ে মূল্য রিফান্ড করবে।
৬. নিয়মিত অন্যান্য অনলাইন মার্কেটপ্লেস এবং ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের সভা অনুষ্ঠিত হবে।
** ফুডপান্ডার এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
** অনিয়মে চ্যাম্পিয়ন ‘ফুডপান্ডা’
** ফুডপ্যান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা
