ফরিদপুরের বোয়ালমারীতে স্বপন ঘোষ (৫৬) নামে এক ভুয়া ভ্যাট কর্মকর্তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল তিনটার দিকে বোয়ালমারী গরুহাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্বপন ঘোষ বোয়ালমারী ডাকবাংলো রোডে আদর্শ প্রেসে এসে নিজেকে ফরিদপুর ভ্যাট অফিসের অফিসার পরিচয় দেন। তিনি আদর্শ প্রেসের মালিক আমিনুল ইসলামের কাছে টাকা দাবি করেন। এর আগেও ওই ব্যক্তি দুই দফায় আমিনুলের কাছ থেকে নিজেকে ভ্যাট কর্মকর্তা পরিচয় দিয়ে ৮ হাজার টাকা নিয়েছেন।
আজ ওই ব্যক্তি আদর্শ প্রেসে গিয়ে টাকা দাবি করেন। এ সময় প্রেসের মালিক আমিনুল ইসলাম তার পরিচয়পত্র দেখতে চাইলে স্বপন ঘোষ কোনো আইডি কার্ড দেখাতে পারেননি। এতে প্রেস মালিকের সন্দেহ হয়। পরে আমিনুল ইসলাম স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে বোয়ালমারী থানার সামনে গরুহাটা এলাকায় নিয়ে যান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে জানতে পারেন, স্বপন ঘোষ ভুয়া ভ্যাট কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন স্থান থেকে টাকা আদায় করে প্রতারণা করে আসছিলেন। স্বপন ঘোষ কুষ্টিয়া জেলার আমলাপাড়া এলাকার সমুদ্র নাথ ঘোষের ছেলে।
পরে ওই জায়গায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তৎক্ষণাৎ বিচারকাজ শুরু হলে স্বপন ঘোষ নিজের অপরাধ স্বীকার করেন। পরে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির বলেন, ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় স্বপন ঘোষকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়।
