প্রবাসীদের জন্য নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্টের (এনআরটিএ) নিয়মকানুন সহজ করা এবং দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে প্রবাসীদের ব্যাংকিং সেবার আওতায় আনতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বাধ্যবাধকতা শিথিল করে পাসপোর্টের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ব্যাংকাররা।
গত সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে ডেপুটি গভর্নর কবির আহমেদ ও মো. সারওয়ার হোসেন উপস্থিত ছিলেন। বৈঠকে এসব অ্যাকাউন্টের বিপরীতে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করার বিষয়েও গুরুত্ব দেন ব্যাংক নির্বাহীরা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোর এমডিরা এনআরটিএ সহজীকরণ এবং দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। তাঁদের প্রস্তাবগুলো লিখিতভাবে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা দেবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান জানান, বর্তমানে নন-রেসিডেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এনআইডি চাওয়া হয়। তবে বিদেশে অবস্থানরত অনেক প্রবাসীর এনআইডি না থাকায় তাঁরা ব্যাংকিং সুবিধার বাইরে থেকে যাচ্ছেন। এ সমস্যা সমাধানে পাসপোর্টের ভিত্তিতে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বৈঠকে পাকিস্তানের রোশন ডিজিটাল অ্যাকাউন্টের (আরডিএ) আদলে ডিজিটাল ও ঝামেলামুক্ত গ্রাহক অন্তর্ভুক্তি ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা হয়।
আরেকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রবাসীদের জন্য বর্তমানে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার যে সীমা সার্কুলারে নির্ধারণ করা হয়েছে, তা পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। প্রবাসীদের ব্যাংকিং কার্যক্রমে উৎসাহিত করতে ঋণসীমা ও সংশ্লিষ্ট নিয়ম পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন ব্যাংকাররা। এ ছাড়া বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনা বাড়ানো এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়েছে। বাজারে আকস্মিক চাপ এড়াতে আগাম চাহিদার পূর্বাভাস অনুযায়ী ডলারের মজুত গড়ে তোলা ও সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইতিমধ্যে কয়েকটি ব্যাংকে প্রবাসীদের জন্য অ্যাকাউন্ট খোলার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকগুলোর প্রস্তাব ও সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক শিগগিরই এ বিষয়ে নতুন সার্কুলার বা নির্দেশিকা জারি করতে পারে। এর আগে ২০২৬ সালের ২৩ জুন প্রবাসীদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল কারেন্ট, সেভিংস ও ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে পাঠানো অর্থ এসব হিসাবে জমা রাখতে পারবেন। মূল অর্থের পাশাপাশি এর বিপরীতে অর্জিত সুদ বা বিনিয়োগের আয়ও অবাধে বিদেশে নিয়ে যেতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক এসব হিসাবে জমা থাকা অর্থ দেশের বিভিন্ন ধরনের লেনদেনে ব্যবহারের অনুমতিও দিয়েছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ এবং দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে পরিচালিত নির্দিষ্ট কিছু বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানকে ঋণ দেওয়া। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যাংকিং চ্যানেলে পাঠানো অর্থ দিয়ে প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এসব হিসাব খুলতে পারবেন। তিনি আরও জানান, অন্য কোনো নন-রেসিডেন্ট অ্যাকাউন্ট থেকে স্থানান্তরিত অর্থ, সুদ বা মুনাফা, বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়, শেয়ার আবেদনের অর্থ ফেরত এবং বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত অন্যান্য অনুমোদিত অর্থও এসব হিসাবে জমা করা যাবে।
সার্কুলার অনুযায়ী, ক্রমবর্ধমান প্রবাসী আয়কে কাজে লাগানো এবং দেশের অর্থনীতিতে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। এসব হিসাবে জমা রাখা মূল অর্থ ও অর্জিত সুদ বা মুনাফা সম্পূর্ণভাবে বিদেশে ফিরিয়ে নেওয়া যাবে। বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত শতভাগ বিদেশি মালিকানাধীন ‘টাইপ-এ’ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে টাকায় ঋণ দেওয়ার কাজেও এসব তহবিল ব্যবহার করা যাবে। তবে এ ধরনের ঋণ কেবল বেতন, মজুরি ও ইউটিলিটি বিলের মতো অনুমোদিত পরিচালন ব্যয় মেটানোর জন্য ব্যবহার করা যাবে। ঋণগ্রহীতা প্রতিষ্ঠানকে তাদের রপ্তানি আয় থেকে এ ঋণ পরিশোধ করতে হবে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক দেশীয় ব্যাংকিং ইউনিটগুলোকে এসব হিসাবে থাকা আমানতের বিপরীতে প্রবাসী অথবা তাঁদের মনোনীত সুবিধাভোগীদের ঋণ দেওয়ার অনুমতি দিয়েছে। কৃষি, বনায়ন ও আবাসন খাতে বিনিয়োগ ছাড়া ব্যক্তিগত বা ব্যবসায়িক যেকোনো প্রয়োজনে এ ঋণ ব্যবহার করা যাবে।
