দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। বিষয়টি মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এর আগে আদালতের আদেশের কারণে কিছু সংখ্যক প্রধান শিক্ষকের বেতন ইতিমধ্যেই ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছিল।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এ সিদ্ধান্তের আওতায় আসবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করার ক্ষেত্রে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের অবশ্যই বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স (বিটিপিটি) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এ উদ্যোগ তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদা আরও সুদৃঢ় করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা রাখতে সক্ষম হবেন। একই সঙ্গে এই সিদ্ধান্তের ফলে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও গতিশীল শিক্ষাব্যবস্থা নিশ্চিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

