ইলেকট্রনিকস খাতে দেশীয় শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ২২১ কোটি টাকা, যা গত বছরের একই প্রান্তিকের ১৪৯ কোটি টাকার তুলনায় ৭২ কোটি টাকা বেশি। এতে মুনাফা বেড়েছে প্রায় ৪৯ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন গত বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করা হয়।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ওয়ালটন ১ হাজার ৪৫১ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ২১৫ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের চেয়ে চলতি বছরের একই সময়ে কোম্পানিটির ব্যবসা বেড়েছে প্রায় ২৩৬ কোটি টাকার বা সাড়ে ১৯ শতাংশ। তবে ব্যবসা যতটা প্রবৃদ্ধি হয়েছে, তার চেয়ে দ্বিগুণের বেশি প্রবৃদ্ধি হয়েছে কোম্পানিটির মুনাফায়। যার বড় কারণ ব্যাংকঋণের সুদ ব্যয়সহ আর্থিক খরচ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়া। পাশাপাশি কমেছে প্রশাসনিক ব্যয়ও। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকঋণের সুদসহ কোম্পানিটির আর্থিক খরচের পরিমাণ ছিল প্রায় ১২৩ কোটি টাকা। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়ায় ৪১ কোটি টাকায়। ফলে এ খাতে কোম্পানিটির বড় অঙ্কের খরচ কমেছে, যা কোম্পানিটির মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।
কোম্পানি–সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জের মধ্যেও চলতি বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ওয়ালটন ভালো ব্যবসা করেছে। খরচ কমানো ও বিক্রয় বাড়ানোর জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের সুফল দেখা দিয়েছে ব্যবসা ও মুনাফায়। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব রফিকুল ইসলাম বলেন, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যবসায় শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। বিভিন্ন খাতে খরচ কমানোর উদ্যোগের ফলে মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমরা আশা করি, এই ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে।
কোম্পানিটি জানিয়েছে, চলতি বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ক্রেতাদের কাছ থেকে কোম্পানিটির আয় গত বছরের একই সময়ের চেয়ে ১২৫ কোটি টাকা বেড়েছে। পাশাপাশি কাঁচামাল ও অন্যান্য পণ্য সরবরাহকারী বাবদ খরচ কমেছে ৩২৫ কোটি টাকা। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এটি শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি হিসেবে এ শ্রেণিভুক্ত। সর্বশেষ গত বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৩৬৪ টাকা।

