প্রথম দুই মাসে এলসি বেড়েছে ৮.২৮ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ১,১৪৮ কোটি ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১,০৬০ কোটি ডলার। অর্থাৎ এলসির মূল্য ৮৮ কোটি ডলার বা ৮.২৮% বেড়েছে। উল্লেখ্য, গত অর্থবছরে আমদানি মাত্র ১.৭৫% বৃদ্ধি পেয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ভোগ্যপণ্যের এলসি সবচেয়ে বেশি বেড়েছে, যা ৯৯ কোটি ডলার এবং আগের বছরের একই সময়ের তুলনায় ৯.১৪% বৃদ্ধি পেয়েছে। মূলধনি যন্ত্রপাতির এলসি খোলা হয়েছে ২৬ কোটি ৪১ লাখ ডলার, মাত্র ০.৭২% বৃদ্ধি। মধ্যবর্তী পণ্যের এলসি ১১.৬২% কমে ৬৬ কোটি ৫৯ লাখ ডলার হয়েছে। পেট্রোলিয়ামের এলসি ৩.০৭% বেড়ে ১৪৪ কোটি ডলার, শিল্পে ব্যবহৃত কাঁচামালের এলসি ৩.৭২% বেড়ে ৪০৩ কোটি ডলার, এবং অন্যান্য পণ্যের এলসি ১৯.৭৮% বেড়ে ৩৬১ কোটি ডলার হয়েছে।

সম্প্রতি ভোগ্যপণ্য আমদানিকারক শীর্ষ ২০ ব্যবসায়ী গ্রুপের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি আশা প্রকাশ করেন, ডলারের দর স্থিতিশীল থাকা এবং ডলার সংকট না থাকায় দাম আরও কমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে।