পোস্টাল ভোটিং: দুই দিনে ৬৫০০ নিবন্ধন

পোস্টাল ভোট বিডি অ্যাপে দুই দিনে সাড়ে ছয় হাজারের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজারেরও বেশি, নারী প্রায় ৫০০ জন। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অ্যাপটির হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রবাসীরা মোট ২৯টি দেশ থেকে নিবন্ধন করেছেন। দেশভিত্তিক নিবন্ধনে দক্ষিণ কোরিয়া শীর্ষে রয়েছে—এখান থেকে আবেদন করেছেন ৩ হাজার ১৫৩ জন। দ্বিতীয় স্থানে জাপান, যেখানে নিবন্ধন করেছেন ১ হাজার ৪৭৫ জন। এরপর দক্ষিণ আফ্রিকা থেকে ৭৮৭ জন, চীন থেকে ৪৫০ জন এবং মিশর ও লিবিয়া থেকে সমান ১২৩ জন করে প্রবাসী আবেদন করেছেন।

মঙ্গলবার প্রবাসী বাংলাদেশি ভোটার এবং দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শুধুমাত্র নিবন্ধিত ভোটাররাই এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বিশ্বের বিভিন্ন অঞ্চল অনুযায়ী পাঁচ দিন করে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, প্রথম ধাপে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসী ভোটাররা ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। তিনি বলেন, ২৩ নভেম্বরের পর এ ধাপের সম্পূর্ণ অবস্থা জানা যাবে।

প্রবাসীরা বাকি অঞ্চলগুলোয় ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে। এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন সারতে হবে https://portal.ocv.gov.bd/report থেকে।

পোস্টাল ভোটিং প্রক্রিয়া

পোস্টাল ভোট বিডির প্রচার, নিবন্ধন, ব্যালট পেপার ও তিন ধরনের খাম মুদ্রণ, নির্বাচন কর্মকর্তার উপস্থিতি, পার্সোনালাইজেশন (ডাক বিভাগ), পোস্টাল ব্যালট পাঠানো শুরু, ব্যালট ট্র্যাকিং, ভোট প্রদান, প্রবাসে কাছাকাছি ডাকবাক্সে খাম রাখা, পোস্টাল ব্যালট ফেরত ও ট্র্যাকিং, ডাক বিভাগ গ্রহণ, রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো, রিটার্নিং অফিসারের গ্রহণ, পোস্টাল ব্যালট ব্যালট বাক্সে রাখা, গণনা এবং শেষ ধাপে ফল ঘোষণা।

‘ওসিভি’: প্রবাসী বাংলাদেশির তালিকাভূক্তি ও নিবন্ধন প্রক্রিয়া

অ্যাপ ডাইনলোড> লগইন ও রেজিস্ট্রেশন পেজ> এনরুলমেন্টের জন্য অ্যাকাউন্ট তৈরি> মোবাইল, ইমেইল অ্যাড্রেস, ওটিপি, ভেরিফিকেশন, পাসওয়ার্ড> লগইন উইথ ইউজারনেম (মোবাইল নম্বর) ও পাসওয়ার্ড>এনআইডি ভেরিফিকেশন>ফ্যাসিয়াল রেকগনিশন, লাইভলিনেস চেক>সেলফি>প্রবাসের ঠিকানা, পাসপোর্টসহ আনুষঙ্গিক তথ্য>তালিকাভুক্ত ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন।

‘আইসিপিভি’: সরকারি চাকরিজীবীর তালিকাভুক্তি

ওপেন এনরুলমেন্ট প্রসেস>পোস্টাল ভোট বিডি অ্যাপ লগইন>ই-কেওয়াইসি ডিসক্লেইমার>ফেসিয়াল রেকগনিশন, লাইভলিনেস চেক>এনআইডি ভেরিফিকেশন>আইবাস++ভেরিফিকেশন> ঠিকানা, ওটিপি>তালিকাভুক্তি ও নিবন্ধন সম্পন্ন>ভোটার তালিকা মুদ্রণ>ডাকযোগে ব্যালট পেপার পাঠানো>ভোটার গ্রহণ করবে।

ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের তালিকাভুক্তি

ভোটগ্রহণ কর্মকর্তা চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্টদের পোস্টাল ভোট অ্যাপ ব্যবহার> অ্যাপ লগইন>ই-কেওয়াইসি ডিসক্লেইমার>ফ্যাসিয়াল রেকগনিশন, লাইভলিনেস চেক>এনআইডি ভেরিফিকেশন>ঠিকানা, ওটিপি>তালিকাভুক্তি ও নিবন্ধন সম্পন্ন>ভোটার তালিকা মুদ্রণ>ডাকযোগে ব্যালট পেপার পাঠানো>ভোটার গ্রহণ করবে ব্যালট।

কারাবন্দিদের তালিকাভুক্তি

তফসিল ঘোষণার পর কারা অধিদপ্তর তালিকা>বিভিন্ন কারাগারে পোস্টাল ভোট অ্যাপ লগ ইন>ই-কেওয়াইসি ডিসক্লেইমার>ফেসিয়াল রেকগনিশন, লাইভলিনেস চেক>এনআইডি ভেরিফিকেশন> ঠিকানা, ওটিপি>তালিকাভুক্তি ও নিবন্ধন সম্পন্ন>ভোটার তালিকা মুদ্রণ>ডাকযোগে ব্যালট পেপার পাঠানো>ভোটার গ্রহণ করবে ব্যালট।