পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধের মধ্যেই নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক ও আলোচনার পর মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বোর্ড গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরও একটি মহল সরকারকে অস্থিতিশীল করা ও জনদুর্ভোগ সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শ্রমিকদের রাজপথে নামিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এরপরও শ্রমিকদের রাজপথে নামানো হয়েছে। মজুরি বোর্ড গঠনের ঘোষণার মধ্য দিয়ে শ্রমিকদের দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন। শ্রম আইন অনুসারে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর মন্ত্রী বলেন, বোর্ড দ্রুততম সময়ে মজুরি কাঠামো নির্ধারণ করবে। শ্রমিকদের মূল দাবি ছিল মজুরি বোর্ড গঠন। সেই দাবি পূরণ হওয়ায় শ্রমিকেরা সড়ক ছেড়ে দেবেন বলে তিনি আশা করেন।
শ্রমিকদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন রয়েছে দাবি করে আরিফুল হক চৌধুরী বলেন, একটি গোষ্ঠী পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে বিভিন্ন তথ্য এসেছে। জনগণ সচেতন থাকলে তাদের সেই চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তৈরি পোশাকশিল্পে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৮ ধারার উপধারা ৩(ক) ও ৩(খ)-এর ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে। শ্রম আইনের ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশের জন্য বাংলাদেশ ফরম ও প্রকাশনা অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিচারপতি শেখ আসফাকুর রহমানকে চেয়ারম্যান করে গঠিত ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এ ছাড়া পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাবুল আখতার দায়িত্ব পালন করবেন।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ঢাকা, গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজও রাজধানীর মিরপুর, গাজীপুর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাঁদের বিক্ষোভ চলছে। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকটি এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
