সঙ্গীত শিল্পী নুজাত তানজুম পূর্ণতা এবার ঈদে ‘স্বার্থ শেষে উড়াল দাও’-শিরোনামে একটি বিচ্ছেদি গান গেয়ে দর্শকদের চমকে দিয়েছেন। গানটি ডাংগুলি এন্টারটেইনমেন্টের ব্যানারে ফোক এবং মডার্ন মিউজিকের মিশ্রণে সৃষ্টি হয়েছে। বাস্তব জীবনের গল্প অত্যন্ত সুন্দর করে গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে। গানটির গীতিকার ও সুরকার মামুন আফনান রুমি, মিউজিক কম্পোজ করেছেন এস ডি সাগর এবং ডিরেকশন দিয়েছেন মোহন ইসলাম।
গানটি প্রসঙ্গে পূর্ণতা বিজনেস বার্তাকে বলেন, দ্বিতীয় গানটিতে মানুষের জীবনের স্যাড মুহূর্তকে আমি তুলে ধরেছি। আমার প্রথম স্যাড সং হলো ‘শূন্যতা’ এবং দ্বিতীয়টি হলো ‘স্বার্থ শেষে উড়াল দাও’। দ্বিতীয় গানটিতে বাস্তব জীবনকে তুলে ধরা হয়েছে। আমি খুবই আনন্দিত কারণ আমার প্রিয় দর্শক আমার অন্য গানের পাশাপাশি এই গানটিরও বেশ প্রশংসা করেছেন। এভাবেই যেন ভাল কাজ দর্শকদের উপহার দিতে পারি সেই প্রচেষ্টা থাকবে। ২১ মে গানটি ডাংগুলি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

নুজাত তানজুম পূর্ণতা ১জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি চাঁদপুরে। অল্প বয়স থেকেই মায়ের উৎসাহে গান ও নাচের তালিম নিয়েছেন তিনি। সাত বছর যাবৎ নৃত্যের তালিম গ্রহণ করেন। পরবর্তীতে সংগীত চর্চায় নিয়োজিত হন। পূর্ণতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সঙ্গীতে তাঁর শিক্ষাগুরু ছিলেন ফরিদা পারভীন, বিপুল ভট্টাচার্য, কলকাতার ক্লাসিকাল গুরু দ্বিজেন সিং প্রমুখ। পূর্ণতা লোকমান ফকির পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গান, লোকসংগীত ও রবীন্দ্র সঙ্গীতে তালিকাভুক্ত এবং বাংলাদেশ বেতারে আধুনিক গান ও লোক সঙ্গীত তালিকাভুক্ত শিল্পী। সঙ্গীতের বিচারক হিসেবে ছিলেন রিয়ালিটি শো ‘গানে গানে সেরা’ অনুষ্ঠানে। পূর্ণতা একজন প্লে-ব্যাক সিঙ্গার। তিনি কয়েকটি নাটকেও সঙ্গীত পরিবেশন করেছেন। কয়েকটি মিউজিক ভিডিও রয়েছে। পূর্ণতার উল্লেখযোগ্য গান হলো: প্রাণ তুই এ হৃদয়ের, বেবি ডান্স উইথ মি, টনটন, শূন্যতা, তোমায় ভালোবেসে, ডুবে ডুবে যাই, বাবা, মা, কাঁটার আঘাত চাইনি আমি ইত্যাদি। এছাড়াও নজরুল মঞ্চে গান পরিবেশন করেছেন। গান নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বর্তমানে পূর্ণতা একটি বেসরকারি কলেজে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
** ইউটিউবে গানটি দেখতে ক্লিক করুন—স্বার্থ শেষে উড়াল দাও
