পুলিশের সামনেই সাংবাদিককে পেটালো চাঁদাবাজরা

অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতিদিনই চাঁদা আদায় করছে কয়েকজন চাঁদাবাজ। এমন তথ্য পেয়ে সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার সময় পুলিশের সামনে সংবাদকর্মী আনোয়ার হোসেন সৌরভ (৩৫) বেধড়ক মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ওপর হামলার ভিডিও ভাইরাল হয়।

এর আগে, বুধবার (৬ আগস্ট) বিকেলে মহানগরীর সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছিল। আহত সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ (৩৫) একটি জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে গাজীপুরে কর্মরত আছেন। এ ঘটনায় তাঁর মা, আনোয়ারা সুলতানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৭-৮ জন চাঁদাবাজ তাকে বেধড়ক মারধর করছে। এক সময় রাজধানীর মিটফোর্ড ঘটনার মতো ইট দিয়ে তার মুখ ও মাথায় আঘাত করা হয়, যার ফলে তার মুখ ও কপালে রক্ত ঝরছে। পাশেই অবস্থান করছে পুলিশ সদস্যরা। পরে তারা ওই সাংবাদিককে উদ্ধার করে নিয়ে যান।

থানায় দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, আসামিরা মহানগরীর সাহাপাড়া এলাকায় অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ টাকা চাঁদা আদায় করে। এই অভিযোগ জানতে পেরে সাংবাদিক আনোয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে রক্তিম, সৌরভ, ফরিদসহ ১৫-১৬ জন তার ওপর হামলা চালায়। এরপর তারা তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে যায় এবং ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। এ সময় তার দুটি মোবাইল ফোন ও নগদ ২৬,২৫০ টাকা ছিনিয়ে নেয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাংবাদিককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওই সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা বলেন, আমার ছেলে একজন সাংবাদিক। কোনো অপরাধ ছাড়াই তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে তার পাশে আছি, তবে আমরা সবাই আতঙ্কিত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান রয়েছে।

**চাঁদাবাজির লাইভের পর সাংবাদিককে গলা কেটে হত্যা