ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব ২২ বছরের জন্য পেয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ। এক দশকের বেশি সময় ধরে চালু থাকা সত্ত্বেও টার্মিনালটি লাভজনক না হওয়ায় অন্তর্বর্তী সরকার এটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নিজস্ব অর্থায়নে নির্মিত টার্মিনালের পরিচালনা কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো—তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে বুড়িগঙ্গা তীরে পানগাঁও কনটেইনার টার্মিনাল নির্মাণ করে, যেখানে ব্যয় হয় ১৪৯ কোটি টাকা। ২০১৩ সালে কার্যক্রম শুরু হলেও প্রথম জাহাজ ভিড়ে ২০১৫ সালে। ২০১৮ সাল থেকে কনটেইনার ওঠানামা বাড়তে থাকলেও ২০২২–২৩ অর্থবছরে যেখানে ১৮ হাজারের বেশি একক কনটেইনার ব্যবস্থাপনা হয়েছিল, ২০২৪–২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় মাত্র দেড় হাজারে। সরকারি হিসাবে গত ১২ বছরে টার্মিনালের লোকসান দাঁড়িয়েছে প্রায় ১৬৫ কোটি টাকা; প্রতি মাসেই লোকসান ৩ থেকে ৪ কোটি টাকা। এ অবস্থায় টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের পর সরকার বছরে ১ কোটি ১ লাখ টাকা মাশুল পাবে।
সরেজমিনে পানগাঁও টার্মিনাল ঘুরে দেখা গেছে, সেখানে কোনো কর্মচাঞ্চল্য নেই। কর্মকর্তা–কর্মচারীরা নিজেদের মধ্যে আলোচনা নিয়েই সময় কাটাচ্ছেন। সবার আলোচনার কেন্দ্রবিন্দু—আগামী দিনে তাঁদের অবস্থান কী হবে। টার্মিনালের কয়েকজন কর্মকর্তা জানান, সর্বশেষ পণ্যবোঝাই জাহাজ ভিড়েছিল ১১ নভেম্বর, আর এখন সপ্তাহেও একটি জাহাজ আসে না। ফলে জাহাজ না থাকলে কর্মকর্তা–কর্মচারী থেকে শ্রমিক—কারওই তেমন কাজ থাকে না, অলস সময়ই কাটে তাঁদের। গতকালও তেমনই দৃশ্য দেখা গেছে। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে টার্মিনাল পরিচালনা চুক্তির বিষয়টি তাঁদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কারা থাকবেন আর কারা বাদ পড়বেন—এই অনিশ্চয়তা ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই ইতিমধ্যে বিদায়ের প্রস্তুতিও নিচ্ছেন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এই টার্মিনালে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক মিলিয়ে বর্তমানে রয়েছেন ৫০০ জন। যার মধ্যে ৩৯১ জনই শ্রমিক। এর বাইরে আছেন কাস্টমসের কর্মকর্তা। এ ছাড়া পণ্য ওঠানো-নামানোর কাজে বেসরকারি খাতের বেশ কিছু শ্রমিক ভাড়ায় কাজ করেন। তবে টার্মিনালে জাহাজ না ভিড়লে শ্রমিকদের নিয়মিত তেমন কোনো কাজ থাকে না। টার্মিনালটি পরিচালনায় বিদেশিদের সঙ্গে চুক্তির পর এসব শ্রমিক এখন আরও বেশি শঙ্কিত তাঁদের চাকরি নিয়ে। চাকরি বহালের দাবিতে গতকাল তাঁরা টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেনকে চিঠিও দিয়েছেন। জানতে চাইলে জাকির হোসেন বলেন, ‘কাজ নেই, তাই আমাদের দিন কাটছে কষ্টে। এখন বিদেশিদের সঙ্গে চুক্তির পর চাকরি থাকবে কি না, সেটা নিয়ে শ্রমিকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।’
পানগাঁও টার্মিনাল দিয়ে আমদানি হওয়া কৃষিপণ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাইয়ের জন্য দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আফরিন সুলতানা। তিনিও এখন শঙ্কায় আছেন চুক্তির পর তাঁর অবস্থান কী হবে, সেই ভাবনায়। আফরিন সুলতানা জানান, এই টার্মিনাল দিয়ে কখনো মাসে একটি, কখনো বড়জোর দুটি কৃষিপণ্যের চালান আসে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এই টার্মিনালের বিভিন্ন ধরনের কাজের জন্য চট্টগ্রাম বন্দরের প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারী নিযুক্ত রয়েছেন। তাঁদের সবাই ধারণা করছেন নতুন চুক্তির ফলে তাঁদের এই টার্মিনাল থেকে সরিয়ে নেওয়া হবে। টার্মিনালটির দেখভালের দায়িত্বে রয়েছেন বন্দর নিযুক্ত একজন টার্মিনাল ব্যবস্থাপক। গতকাল কর্মকর্তা-কর্মচারীরা তাঁর কাছে নানা বিষয় জানতে ভিড় করেন। কিন্তু তিনিও সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারছেন না। পরে টার্মিনাল ব্যবস্থাপকের সঙ্গে টার্মিনালের নানা বিষয় নিয়ে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
টার্মিনালের একাধিক কর্মকর্তা জানান, বর্তমানে সেখানে ১৫৪টি পণ্যভর্তি কনটেইনার রয়েছে, যার মধ্যে ১০৮টি বিভিন্ন মামলায় নিলামের জন্য তোলা হয়েছে। তাঁদের তথ্য অনুযায়ী, এখন মাসে গড়ে মাত্র তিনটি পণ্যবোঝাই জাহাজ ভেড়ে। পণ্য কম আসার মূল কারণ হিসেবে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত খরচকে উল্লেখ করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট নেওয়াজ শরিফ। তিনি আরও বলেন, আগের সরকারের সময়ে একটি স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী টার্মিনালটির দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে এক কনটেইনার পণ্য পরিবহনে ৩০ থেকে ৫০ হাজার টাকা ভাড়া পড়ে। কিন্তু রেলপথে পণ্য পরিবহনে খরচ তার চেয়ে কম। আবার সময়ও লাগে বেশি। তাই এই টার্মিনাল থেকে মুখ ফিরিয়ে নেন ব্যবহারকারীরা।
