ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে পাচার হওয়া অর্থ শনাক্ত করা সম্ভব হলেও তা দেশে ফেরত আনা সহজ নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, অর্থ পাচারের কাজে দক্ষ লোকজনকে ব্যবহার করা হয়েছে, যার ফলে সেই অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘কত টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি। পরবর্তী সরকার এ বিষয়ে যদি তৎপর হয় তাহলে অর্থ ফেরত আনা সম্ভব।’ এসময় তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব কাজ করা হয়েছে সেটি পরবর্তী সরকার যেন চালিয়ে নিয়ে যায় সেই পরামর্শ দেন। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগে তিনি তার সম্পদের হিসাব দিয়ে দিয়েছেন। পরবর্তী সরকারের সময় মামলা বা আইনি জটিলতার সম্মুখীন হবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি। এসময় তিনি নিজের কর্মকাল মূল্যায়ন করতে গিয়ে বলেন, ‘উপদেষ্টা হিসেবে নিজেকে ১০০-তে ৭০ নম্বর দেবো। অনেক কাজ করার ছিলো, কিন্তু সব করতে পারিনি।’
উপদেষ্টাদের সম্পদের বিবরণী আগামী দুই-তিন দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসে বাংলাদেশ এমন একটি অবস্থানে এসেছে, যেখান থেকে দেশ আরও দ্রুত অগ্রগতি করতে পারবে। সালেহউদ্দিন আহমেদ আরও জানান, ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে।
