পাইলট, ক্রু-ক্লিনিং কর্মীসহ সব যাত্রীর তথ্য তলব

বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের শৌচাগার থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত জোরদার করেছে। চোরাচালান চক্র শনাক্ত করতে ফ্লাইটের পাইলট, কেবিন ক্রু, টেকনিক্যাল স্টাফ, ক্লিনিং কর্মীসহ সকল যাত্রীর বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ফ্লাইটের ভেতরের সিসিটিভি ফুটেজ, বোর্ডিং ব্রিজ ও রানওয়ে এলাকার ভিডিও সংগ্রহের কাজও শুরু করা হয়েছে।

বিমানবন্দর থানার সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সি-০২ বোর্ডিং ব্রিজে অবস্থান নেওয়ার পর বিমানে তল্লাশি চালানো হয় এবং শৌচাগার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। ঘটনার পর কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় মামলা দায়ের করে এবং এরপরই পুলিশ তদন্ত শুরু করে।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুম বলেন, এটি একটি গুরুতর ঘটনা। এত বড় পরিমাণ স্বর্ণ কীভাবে বিমানে প্রবেশ করল এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদঘাটনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। তিনি জানান, তদন্তের স্বার্থে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়ে সংশ্লিষ্ট সবার তথ্য চাওয়া হয়েছে। তবে এখনো পূর্ণাঙ্গ তথ্য ও ভিডিও ফুটেজ হাতে পাওয়া যায়নি।

একটি সূত্র জানায়, চিঠিতে ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুদের পূর্ণাঙ্গ পরিচয়, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও বায়োডাটা চাওয়া হয়েছে। একই সঙ্গে এয়ারক্রাফটের টেকনিক্যাল মেকানিক, হেলপার ও ক্লিনিং স্টাফদের তথ্যও চাওয়া হয়েছে। এ ছাড়া যাত্রীদের তালিকা, পাসপোর্ট নম্বর এবং ভ্রমণসংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

** ১৮ কেজি স্বর্ণ পাচারে বিমানের ১০ কর্মী জড়িত!
** বিমানের টয়লেট প্যানেল থেকে ১৮ কেজি সোনা উদ্ধার