পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্রে হঠাৎ উৎসে কর দ্বিগুণ

সোনালী ব্যাংকের ট্যানারি মোড় শাখা থেকে পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছিলেন সালমা আক্তার। ডিসেম্বর পর্যন্ত তিনি প্রতি মাসে ৪,৫৬০ টাকা মুনাফা পাচ্ছিলেন, কিন্তু জানুয়ারি মাসে তা কমে ৪,৩২১ টাকা হয়েছে। এক মাসে ২৩৯ টাকা কমে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে তিনি ব্যাংক শাখায় যোগাযোগ করেন। ব্যাংক জানায়, মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ থেকে ১০ শতাংশে বৃদ্ধি পেয়েছে। কোনো ঘোষণা ছাড়াই এই পরিবর্তন হওয়ায় সালমা ক্ষুব্ধ; তার মতো আরও অনেক গ্রাহকও একই কারণে কম মুনাফা পাচ্ছেন।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও জনসংযোগ) মো. রেজানুর রহমান বলেন, আগে সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর ছিল ৫ শতাংশ। পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর ছিল ১০ শতাংশ। তবে সর্বশেষ আয়কর আইনে (২০২৩) সঞ্চয়পত্রে বিনিয়োগের সব ক্ষেত্রেই ১০ শতাংশ উৎসে কর আরোপ করা ছিল। গত ডিসেম্বর পর্যন্ত এ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। জানুয়ারি থেকে ছাড় প্রত্যাহার করায় সবার ক্ষেত্রে ১০ শতাংশ উৎসে কর কাটা হচ্ছে। তাই পাঁচ লাখ টাকার কম বিনিয়োগকারী গ্রাহকরা জানুয়ারিতে মুনাফা কিছুটা কম পাচ্ছেন।

কোনো প্রজ্ঞাপন জারি করা হয়েছে– এমন প্রশ্নে রেজানুর রহমান বলেন, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে জানানো হয়েছে। তবে এখনও প্রজ্ঞাপন হয়নি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। আগামী রোববার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসিন্দা কমরুল ইসলাম তাঁর স্ত্রীর নামে পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন। এ সঞ্চয়পত্র ইস্যু করা হয় জনতা ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে। তিনিও ব্যাংক শাখায় গিয়ে জানতে পরেন, হঠাৎ করে উৎসে কর দ্বিগুণ কেটে নেওয়ায় তাঁর মুনাফাও কমে গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, কোনো ধরনের প্রজ্ঞাপন বা ঘোষণা ছাড়া হঠাৎ করে সরকার এভাবে বাড়তি উৎসে কর কাটতে পারে না। অবিলম্বে তিনি আগের হারে উৎসে কর কার্যকর করে কমে যাওয়া মুনাফা ফেরত দেওয়ার দাবি জানান। সঞ্চয়পত্র মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত মানুষের নিরাপদ বিনিয়োগের আশ্রয়। বিশেষ করে ছোট বিনিয়োগকারীদের জন্য তুলনামূলক কম উৎসে কর এ খাতে বিনিয়োগের অন্যতম প্রণোদনা ছিল। কিন্তু নতুন পরিবর্তনে সেই সুবিধা কার্যত উঠে গেল।

সরকার ৩১ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফা হার কমানোর ঘোষণা দিলেও চার দিনের মধ্যে সেটি বাতিল করা হয়। ফলে ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে মুনাফার হার ছিল, তা চলতি বছরের প্রথম ছয় মাসেও বহাল রয়েছে। বর্তমানে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য দুটি ধাপ চালু আছে: ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা প্রথম ধাপে এবং এর বেশি বিনিয়োগকারীরা দ্বিতীয় ধাপে। স্কিমভেদে মুনাফার হার সর্বোচ্চ ১১.৮২ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত রয়েছে।

This will close in 5 seconds