Header – After

পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানির প্রস্তাব

নতুন আমদানি নীতিতে পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানির সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান নীতি অনুযায়ী পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা সম্ভব নয়। এছাড়া তিন বছরের বেশি পুরোনো এবং ১৬৫ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার সব ধরনের মোটরসাইকেল আমদানের সুযোগ রাখারও প্রস্তাব রয়েছে। শর্তসাপেক্ষে এসব সুযোগ দিয়ে তিন বছরের (২০২৫-২৮) জন্য আমদানি নীতি আদেশের খসড়া চূড়ান্ত করার কাজ চলছে।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে গতকাল বুধবার সচিবালয়ে এ নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণকে মাথায় রেখে আমদানি নীতি আদেশ করা হচ্ছে। শিগগির আমরা এ আদেশের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাব।’ আলাদা করে বাণিজ্যনীতি অর্থাৎ আমদানি ও রপ্তানি নীতির ওপর একটি খসড়াও তৈরি করা হচ্ছে বলে জানান বাণিজ্যসচিব।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার জন্য আর এক বছরের সময় বাকি। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নতুন আমদানি নীতি আদেশ প্রণয়নের সময় এ বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। ২০২১-২৪ মেয়াদের বিদ্যমান নীতি আদেশের মেয়াদ ২০২৪ সালের জুনে শেষ হয়েছে। নতুন আদেশ জারি না হওয়া পর্যন্ত বর্তমান আদেশই কার্যকর থাকে। নতুন আদেশ প্রণয়নের কাজ ইতিমধ্যেই এক বছরের বেশি সময় ধরে চলছে। উল্লেখ্য, বিদ্যমান নীতি আদেশও পূর্ববর্তী আদেশের (২০১৫-১৮) নিয়মিত মেয়াদ শেষ হওয়ার সাড়ে চার বছর পর, অর্থাৎ ২০২২ সালের মে মাসে প্রণয়ন করা হয়েছিল।

নতুন আমদানি নীতি আদেশে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধের প্রস্তাব থাকতে পারে। শর্ত সাপেক্ষে আমদানির সুযোগ দেওয়া হতে পারে সাড়ে ৪ সেন্টিমিটারের কম ব্যাস বা দৈর্ঘ্যের মাছ ধরার কারেন্ট জাল। এ ছাড়া পাম অলিন আমদানির ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে মান উত্তীর্ণের প্রত্যয়ন নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হতে পারে।

বাংলাদেশ রিকন্ডিশনস ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক বলেন, যুক্তরাজ্যে যেমন গাড়ির বয়সসীমার বালাই নেই। পাকিস্তানও তা তুলে দিচ্ছে। মানুষ যাতে কম দামে গাড়ি ব্যবহার করতে পারে, সে জন্য আমরা পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানির সুযোগের দাবি জানিয়েছিলাম। পুরোনো গাড়ি পরিবেশদূষণ করতে পারে, এমন প্রশ্নের জবাবে আবদুল হক বলেন, পরিবেশদূষণে গাড়ির বয়স কোনো বিষয় নয়। নতুন গাড়িও দূষণ করতে পারে, আবার পুরোনো গাড়ি সেটি না–ও করতে পারে।

** ‘ব্র্যান্ডনিউ’ ঘোষণায় ৪৩১ বিলাসবহুল পুরাতন গাড়ি আমদানি!
** গাড়ি আমদানিতে নগদ মার্জিনের শর্ত শিথিল
** চট্টগ্রাম কাস্টম হাউস: অর্ধেক মূল্যে আমদানি ব্র্যান্ড নিউ গাড়ি
** দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানায় উৎপাদন বন্ধ
** ১৩৩৯ গাড়ি রিটার্নে নেই, ৪০৯ মালিক রিটার্ন দেন না
** হাইব্রিড গাড়ির শুল্ক কমানোর সুপারিশ
** দেশে পাঁচ বছরে এসইউভির বিক্রি বেড়েছে ৭৭%
** রেঞ্জ রোভার-বিএমডব্লিউতে ১৩ কোটি টাকা জরিমানা
** মোংলা কাস্টম হাউস: অর্ধেক দামে আমদানি হচ্ছে সুজুকি, হাভাল, এমজি, মিৎসুবিশি