Header – After

পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানির সুযোগ

ঋণপত্র (এলসি) ছাড়াই বিক্রয় চুক্তির (সেলস কন্ট্রাক্ট) বিপরীতে পণ্য আমদানি আরও সহজ করার প্রস্তাব এসেছে। বর্তমানে এলসি ছাড়া সর্বোচ্চ পাঁচ লাখ ডলার পর্যন্ত বাণিজ্যিক আমদানি করা যায়। তবে ২০২৫–২৮ মেয়াদের নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া অনুযায়ী, আমদানির অনুমতি থাকা পণ্য এলসি ছাড়াই যে কোনো পরিমাণে আমদানির সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে নতুন নীতিতে পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানির অনুমোদনের প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিদ্যমান আমদানি নীতিতে নিষিদ্ধ।

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ২০২৫–২৮ মেয়াদের নতুন আমদানি নীতি আদেশের খসড়া নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন–এর সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলসি ছাড়াই আমদানি ও পুরোনো গাড়ি আমদানির প্রস্তাবসহ আরও কয়েকটি পরিবর্তন নিয়ে আলোচনা হয়। জানা গেছে, আমদানি নীতিকে যুগোপযোগী করতে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি কমিটি এসব সংশোধনী প্রস্তাব প্রস্তুত করেছে।

গতকাল বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমদানি নীতি আদেশে পরিবর্তন আনার বিষয়ে এক মাস ধরে আলোচনা চলছে। উদারীকরণ ও সহজীকরণের লক্ষ্যেই এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানি-সংক্রান্ত লেনদেনের পদ্ধতি, পণ্যের মান যাচাই এবং অন্য শর্তগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, এসব প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাওয়া গেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। খুব শিগগিরই, সম্ভব হলে আগামী বৈঠকেই বিষয়টি উপস্থাপনের চেষ্টা চলছে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, নতুন আমদানি নীতির পাতায় পাতায় পরিবর্তন আসছে। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্টে স্বাক্ষরকারী দেশ হওয়ায় আন্তর্জাতিক মান বজায় রেখে ব্যবসা-বাণিজ্য সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন আমদানি নীতি আদেশের খসড়া প্রণয়নের আগে বিভিন্ন চেম্বার, ব্যবসায়ী সংগঠন ও অ্যাসোসিয়েশনের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। অংশীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে উপদেষ্টা ও সচিব খসড়ার প্রধান প্রস্তাবগুলো পর্যালোচনা করেন। এতে নীতি প্রণয়নের সময় বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনায় রাখা হয়েছে। এলডিসি থেকে উত্তরণে এখনও প্রায় ১০ মাস সময় থাকায় আন্তর্জাতিক বাণিজ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আমদানি নীতি সাজানো হচ্ছে।

খসড়া আমদানি নীতিতে পরিবেশ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্ন আমদানিতে বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–এর সুপারিশ অনুযায়ী, হর্নের শব্দমাত্রা সর্বোচ্চ ১০০ ডেসিমেলের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। এছাড়া নতুন নীতির খসড়ায় প্রথমবারের মতো পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামাল ইথাইলিন ও প্রোপাইলিন আমদানির বিধান যুক্ত করা হয়েছে। তবে এসব পণ্য আমদানির ক্ষেত্রে বিস্ফোরক পরিদপ্তর এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন–এর পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, আমদানি নিষিদ্ধ রাসায়নিক মিথাইল ব্রোমাইডের কারণে অস্ট্রেলিয়ায় চাল ও মসলা রপ্তানিতে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনের উদ্যোগও খসড়া আমদানি নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বিদ্যমান আমদানি নীতি আদেশের (২০২১-২৪) মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের জুনে। তবে নতুন আদেশ জারি না হওয়ায় পুরোনো নীতিই কার্যকর রয়েছে।

** ‘ব্র্যান্ডনিউ’ ঘোষণায় ৪৩১ বিলাসবহুল পুরাতন গাড়ি আমদানি!
** গাড়ি আমদানিতে নগদ মার্জিনের শর্ত শিথিল
** চট্টগ্রাম কাস্টম হাউস: অর্ধেক মূল্যে আমদানি ব্র্যান্ড নিউ গাড়ি
** দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানায় উৎপাদন বন্ধ
** ১৩৩৯ গাড়ি রিটার্নে নেই, ৪০৯ মালিক রিটার্ন দেন না
** হাইব্রিড গাড়ির শুল্ক কমানোর সুপারিশ
** দেশে পাঁচ বছরে এসইউভির বিক্রি বেড়েছে ৭৭%
** রেঞ্জ রোভার-বিএমডব্লিউতে ১৩ কোটি টাকা জরিমানা
** মোংলা কাস্টম হাউস: অর্ধেক দামে আমদানি হচ্ছে সুজুকি, হাভাল, এমজি, মিৎসুবিশি