পত্রিকা-টিভির ব্যাংক হিসাবে জমা ২৪১ কোটি টাকা

দেশের বেসরকারি প্রকাশনা ও মিডিয়া খাতের ব্যাংক হিসাবে জমা অর্থের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬ সালের মার্চ শেষে পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও ও অনলাইন মাধ্যমের জন্য খোলা নির্ধারিত হিসাবগুলোতে মোট জমা রয়েছে ২৪১ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে চলতি হিসাবে রয়েছে ১৬৮ কোটি ৬৪ লাখ টাকা, আর মেয়াদি ও বিশেষ নোটিশে উত্তোলনযোগ্য হিসাবে রাখা হয়েছে ৭২ কোটি ৭২ লাখ টাকা। খাতভিত্তিক হিসাবে টেলিভিশন মাধ্যমের হিসাবে প্রায় ৯৯ কোটি, অনলাইন মাধ্যমের হিসাবে প্রায় ৯৮ কোটি, পত্রিকার হিসাবে ৪৩ কোটি এবং রেডিওর হিসাবে রয়েছে মাত্র ১ কোটি ৭০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রান্তিকভিত্তিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের বিভিন্ন তফসিলি ব্যাংকের চলতি হিসাবে সুদবিহীন রাখা অর্থের পরিমাণ ১৫৫ কোটি ৯ লাখ টাকা, সুদসহ রয়েছে ১৩ কোটি ৫৪ লাখ, চাওয়ার সঙ্গে পাওয়া যায় এমন হিসাবে রাখা অর্থের পরিমাণ ৪৪ লাখ, মেয়াদি আমানত ৪ কোটি ৯৪ লাখ টাকা, স্পেশাল নোটিশে উত্তোলনযোগ্য আমানত ৫৬ কোটি ৫৪ লাখ এবং নিবাসী (দেশীয়) বৈদেশিক মুদ্রায় রয়েছে ১০ কোটি ৩৬ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংকে রাখা বেসরকারি প্রকাশনা মিডিয়া ক্যাটাগরির মধ্যে চলতি হিসাবে সবচেয়ে বেশি রয়েছে পত্র-পত্রিকার। এসব পত্রিকার চলতি হিসাবে রাখা সুদবিহীন অর্থের পরিমাণ ২৫ কোটি ৫৭ লাখ টাকা, যা সুদসহ ১ কোটি ৪৪ লাখ টাকা। আর বিশেষ মেয়াদি হিসাবে পত্রিকাগুলোর রাখা আমানত রয়েছে ১২ কোটি ৫ লাখ টাকা এবং দেশীয় হিসাবে বৈদেশিক মুদ্রায় রয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা। সব মিলিয়ে পত্রিকার হিসাবে রয়েছে প্রায় ৪২ কোটি ৮১ লাখ টাকা।

টেলিভিশন খাতের বিভিন্ন হিসাবে জমা অর্থের মধ্যে সুদবিহীন চলতি হিসাবে রয়েছে ৪৪ কোটি ৯৬ লাখ টাকা, আর সুদসহ চলতি হিসাবে রয়েছে ১০ কোটি ২ লাখ টাকা। বিশেষ মেয়াদি হিসাবে টেলিভিশনগুলোর জন্য রাখা হয়েছে ৩৩ কোটি ৭১ লাখ টাকা, দেশীয় বৈদেশিক মুদ্রা হিসাবে রয়েছে ৮ কোটি ৮৩ লাখ টাকা এবং দীর্ঘমেয়াদি হিসাবে রয়েছে ১০ কোটি টাকা। সব মিলিয়ে টেলিভিশন খাতের নির্দিষ্ট হিসাবগুলোতে মোট জমা রয়েছে ৯৮ কোটি ৬২ লাখ টাকা। একইভাবে অনলাইন গণমাধ্যমের হিসাবে রয়েছে ৯৭ কোটি ৮০ লাখ টাকা, আর রেডিও খাতের নামে খোলা হিসাবে রয়েছে মাত্র ১ কোটি ৭০ লাখ টাকা।