ন্যূনতম কর ২৫ পয়সায় ফিরতে চান ব্যবসায়ীরা

** ন্যূনতম কর বৃদ্ধি পাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের করের ভার ও শিল্পোদ্যোক্তাদের চাপ বেড়েছে
** এনবিআর বলছে, বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার হলে কর দিতে হবে না

ন্যূনতম করের হার বৃদ্ধির ফলে দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা আর্থিক চাপের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে নিম্ন মুনাফার, ক্ষুদ্র মার্জিনের, আমদানি-নির্ভর, পাইকারি ও খুচরা বাণিজ্য, ডিস্ট্রিবিউশন, ট্রেডিং এবং অন্যান্য প্রতিযোগিতামূলক ব্যবসা খাতে উল্লেখযোগ্য আর্থিক চাপের সম্মুখীন হচ্ছেন। সেজন্য ন্যূনতম কর নিয়ে আপত্তি জানিয়েছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, ন্যূনতম কর ১ শতাংশ থেকে কমিয়ে আগের মতো ২৫ শতাংশ করা উচিত। ন্যূনতম কর আগের জায়গায় ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সম্প্রতি এনবিআরকে চিঠি দিয়েছে।

এফবিসিসিআই বলছে, ২০২৫ সালের অর্থ অধ্যাদেশের মাধ্যমে ধারা ১৬৩ (৫)-এর অধীন ‘অ্যানি আদার কেসেস’ শ্রেণিতে মোট প্রাপ্তির উপর ন্যূনতম করের হার শূন্য দশমিক ৬০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১ শতাংশ করা হয়েছিল। একইসঙ্গে চার কোটি টাকার বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে এর ক্ষেত্রেও হার শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে ১ শতাংশে বৃদ্ধি করা হয়েছিল। চলতি অর্থবছর অর্থ আইনের মাধ্যমে ব্যক্তির ক্ষেত্রে এই সীমা তুলে দেয়া হয়েছে। ধারা ১৬৩(৫)-এর বিধান অনুযায়ী করদাতার লাভ বা ক্ষতি নির্বিশেষে গ্রস প্রাপ্তির ওপর ন্যূনতম কর প্রযোজ্য। ফলে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত মুনাফা খুব কম হওয়া, লাভ-ক্ষতির সমতায় কিংবা লোকসান হওয়া সত্ত্বেও গ্রস প্রাপ্তির উপর নির্ধারিত হারে ন্যূনতম কর পরিশোধের দায় সৃষ্টি হয়।

ক্ষুদ্র ব্যবসায়ীদের করের ভার বেড়েছে

তথ্য উপাত্ত ও করভারের তুলনামূলক বিশ্লেষণ করে এফবিসিসিআই বলছে, এই নতুন আইনের প্রভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের করের ভার কতটা বেড়েছে, তা সাম্প্রতিক উপাত্ত বিশ্লেষণ করলে পিলে চমকে ওঠার মতো। উদাহরণ দিয়ে বলা হয়েছে, একজন ব্যবসায়ীর বার্ষিক বিক্রি ৫০ লাখ টাকা এবং সব খরচ বাদে করযোগ্য আয় আড়াই লাখ টাকা (নিট মুনাফা ৫ শতাংশ অনুমান করে) হলে আগের নিয়মে তাকে কোনো আয়কর-ই দিতে হতো না। কারণ, আড়াই লাখ টাকা পর্যন্ত আয় ছিল করমুক্ত সীমার ভেতরে। কিন্তু এখন তাকে বাধ্যতামূলকভাবে ৫০ হাজার টাকা ন্যূনতম কর দিতে হবে। অর্থাৎ যে ব্যবসায়ী আগে শূন্য কর দিতেন, তাকে এখন শুরুতেই বড় অঙ্কের টাকা গুনতে হবে।

একইভাবে এক কোটি টাকা টার্নওভার ও পাঁচ লাখ টাকা আয়ের ক্ষেত্রে আগে করের পরিমাণ ছিল মাত্র ১০ হাজার টাকা। কিন্তু নতুন নিয়মে তাকে দিতে হবে এক লাখ টাকা। এখানে করের বোঝা এক লাফে ৯০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুই কোটি টাকা বিক্রয় ও ১০ লাখ টাকা আয়ের ক্ষেত্রে আগে কর দিতে হতো ৬৭ হাজার ৫০০ টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ টাকায়। অর্থাৎ কর বেড়েছে প্রায় ১৯৬ শতাংশ। তিন কোটি টাকার ব্যবসায়ে আগে যেখানে ১ লাখ ৫০ হাজার টাকা কর ছিল, তা এখন দ্বিগুণ হয়ে তিন লাখ টাকা হয়েছে। এমনকি চার কোটির সামান্য নিচে অর্থাৎ ৩ কোটি ৯৯ লাখ টাকা টার্নওভারের ক্ষেত্রেও করের পরিমাণ প্রায় ৫৫ শতাংশ বেড়ে চার লাখ টাকা হয়েছে। এসব বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যবসার আকার যত ছোট, করের বোঝা বৃদ্ধির হার সেখানে তত বেশি।

গ্রস প্রাপ্তি এবং প্রকৃত মুনাফা এক বিষয় নয়

এফবিসিসিআই বলছে, ব্যবসায়ের টার্নওভার বা গ্রস প্রাপ্তি কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আয় বা মুনাফার সমতুল্য নয়। বিশেষ করে ট্রেডিং, পাইকারী, বিতরণ, পণ্য ব্যবসা, আমদানিনির্ভর ব্যবসা এবং অন্যান্য স্বল্প-মুনাফার ব্যবসায় বিপুল অঙ্কের টার্নওভার হলেও প্রকৃত নিট মুনাফার হার অত্যন্ত সীমিত হতে পারে। এফবিসিসিআই উদাহরণ দিয়ে বলছে, কোনো প্রতিষ্ঠানের বার্ষিক মোট প্রাপ্তি যদি ১০০ কোটি টাকা হয় এবং প্রকৃত নিট মুনাফার হার মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ হয়, তাহলে তার প্রকৃত মুনাফা দাঁড়ায় মাত্র ৫০ লাখ টাকা। কিন্তু মোট প্রাপ্তির উপর ১ শতাংশ ন্যূনতম কর আরোপ করলে ন্যূনতম করের পরিমাণ দাঁড়ায় ১ কোটি টাকা, যা প্রতিষ্ঠানের প্রকৃত মুনাফার দ্বিগুণ। অর্থাৎ মোট প্রাপ্তি ১০০ কোটি টাকা, নিট মুনাফা ৫০ লাখ টাকা হলে ১ শতাংশ হারে ন্যূনতম কর হবে ১ কোটি টাকা। এ ধরনের ক্ষেত্রে ন্যূনতম কর কার্যত ব্যবসার প্রকৃত মুনাফার তুলনায় অস্বাভাবিকভাবে বেশি করের বোঝা সৃষ্টি করতে পারে।

লোকসানি ব্যবসার উপরও করের দায়

এফবিসিসিআই বলছে, আয়কর আইনের ধারা ১৬৩ (৫)-এর অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হলো—করদাতার মুনাফা বা লোকসান নির্বিশেষে মোট প্রাপ্তির ভিত্তিতে ন্যূনতম কর নির্ধারণ। ফলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বাজার সংকটে লোকসান করলে; কাঁচামাল ও আমদানি ব্যয় বৃদ্ধি পেলে; সুদের ব্যয় বৃদ্ধি পেলে; পণ্যের মূল্য কমে গেলে; মজুদজনিত ক্ষতি হলে; বিনিময় হারজনিত ক্ষতির সম্মুখীন হলে; ব্যবসা সম্প্রসারণের কারণে সাময়িক লোকসানে থাকলে; তবুও মোট প্রাপ্তির ওপর ন্যূনতম কর প্রদান করতে হয়। এতে প্রকৃত লোকসানি প্রতিষ্ঠানেও অতিরিক্ত নগদ অর্থের বহির্গমন সৃষ্টি হয় এবং ব্যবসার কার্যকরী মূলধন সংকুচিত হয়।

এফবিসিসিআই চিঠিতে বলছে, ব্যবসায়ীরা যখন মনে করেন যে প্রকৃত মুনাফার তুলনায় করের বোঝা অস্বাভাবিকভাবে বেশি, তখন কর পরিকল্পনা, ব্যবসায়িক পুনর্গঠন এবং অপ্রাতিষ্ঠানিক লেনদেনের প্রবণতা বাড়ার ঝুঁকি থাকে। অন্যদিকে যুক্তিসঙ্গত ন্যূনতম করহার থাকলে করদাতার জন্য কমপ্লায়েন্স করা, রিটার্ন দাখিল করা, হিসাব সংরক্ষণ করা, ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা আরও গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত হয়। ফলে কম হার নির্ধারণ করা মানেই সরকারের রাজস্ব কমে যাবে, এমনটি সবসময় নয়। বরং একটি ব্যবসা-বান্ধব ও টেকসই কর কাঠামো দীর্ঘমেয়াদে করভিত্তি ও কমপ্লায়েন্স বৃদ্ধি করতে পারে।

পূর্বের শূন্য দশমিক ২৫ শতাংশ হার অধিকতর ব্যবসাবান্ধব ছিল

চিঠিতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর পূর্ববর্তী কাঠামোতে নির্দিষ্ট সাধারণ ব্যক্তি করদাতার ক্ষেত্রে মোট প্রাপ্তির ওপর শূন্য দশমিক ২৫ শতাংশ ন্যূনতম করের বিধান ছিল এবং অন্যান্য সাধারণ ক্ষেত্রে শূন্য দশমিক ৬০ শতাংশ হার প্রযোজ্য ছিল। ২০২৫ সালের পরিবর্তনের মাধ্যমে সাধারণ ‘আদার কেসেস’ এর হার শূন্য দশমিক ৬০ শতাংশ থেকে ১ শতাংশে উন্নীত হওয়ায় ব্যবসার উপর ন্যূনতম করের বোঝা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, উচ্চ সুদহার, মূল্যস্ফীতি, আমদানি ব্যয়, বিনিময় হারের অস্থিরতা এবং কার্যকরী মূলধনের চাপ বিবেচনায় এই হার পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে এফবিসিসিআই মনে করে। এফবিসিসিআই উপলব্ধি করে যে রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য রাজস্ব আহরণ অপরিহার্য। আমরা কোনোভাবেই রাজস্ব আহরণ কমানোর পক্ষে নই। বরং আমাদের প্রস্তাব হলো ‘উচ্চ করহার নয়, বরং বিস্তৃত করভিত্তি, অধিক কমপ্লায়েন্স এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির মাধ্যমে রাজস্ব বৃদ্ধি’। একটি ব্যবসা যদি অতিরিক্ত করের চাপে সংকুচিত বা বন্ধ হয়ে যায়, তাহলে সরকার শুধু ন্যূনতম কর নয়, বরং মূসক, আয়কর, কর্মসংস্থান সম্পর্কিত কর এবং অন্যান্য পরোক্ষ রাজস্ব থেকেও বঞ্চিত হতে পারে। অপরদিকে ব্যবসা সক্রিয় ও লাভজনক থাকলে দীর্ঘমেয়াদে নিয়মিত আয়করের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।

অতিরিক্ত ন্যূনতম কর সমন্বয়ের বিধান ইতিবাচক হলেও তাৎক্ষণিক নগদ প্রবাহ সমস্যা দূর করে না

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের পরিবর্তনের একটি ইতিবাচক দিক হলো ন্যূনতম করের অতিরিক্ত অংশ ভবিষ্যৎ করবর্ষে নিয়মিত করদায়ের সঙ্গে সমন্বয়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে। তবে ব্যবসার জন্য মূল সমস্যা হলো বর্তমান বছরে নগদ অর্থের বহির্গমন। একটি প্রতিষ্ঠান যদি বর্তমান বছরে লোকসান বা অতি স্বল্প মুনাফা করে, তাহলেও তাকে উচ্চ হারে ন্যূনতম কর পরিশোধ করতে হয়। ভবিষ্যতে সমন্বয়ের সুযোগ থাকলেও বর্তমান কার্যকরী মূলধন সংকট থেকে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে মুক্তি পায় না। ফলে সমন্বয় সুবিধার পাশাপাশি ন্যূনতম করহারও যুক্তিসঙ্গত পর্যায়ে রাখা প্রয়োজন বলে মনে করে এফবিসিসিআই।

এফবিসিসিআই এর চার দাবি

অপরদিকে, এফবিসিসিআই চারটি দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে- আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৬৩ (৫)-এর অধীন প্রযোজ্য ব্যক্তি করদাতা ব্যতিত অন্যান্য করদাতার ক্ষেত্রে সাধারণ ন্যূনতম করহার ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৬০ শতাংশ নির্ধারণ করা; ধারা ১৬৩(৫)-এর অধীন প্রযোজ্য ব্যক্তি করদাতার ক্ষেত্রে সাধারণ ন্যূনতম কর ৫০ লাখ পর্যন্ত শূন্য শতাংশ রাখা, ৫০ লাখের অধিক থেকে ১ কোটি পর্যন্ত শূন্য দশমিক ২০ শতাংশ রাখা, ১ কোটির অধিক কিন্তু দুই কোটি পর্যন্ত শূন্য দশমিক ২৫ শতাংশ, ২ কোটির অধিক কিন্তু ৩ কোটি পর্যন্ত শূন্য দশমিক ৩০ শতাংশ, ৩ কোটির অধিক কিন্তু ৪ কোটি পর্যন্ত শূন্য দশমিক ৩৫ শতাংশ রাখা এবং ৪ কোটির অধিক হলে শূন্য দশমিক ৪০ শতাংশ নির্ধারণ করা; ধীরে ধীরে ন্যূনতম করের বিধান থেকে সরে আসা; ভবিষ্যতে ন্যূনতম করহার পরিবর্তনের অংশীজনদের সঙ্গে যথাযথ পরামর্শ করার ব্যবস্থা করা।

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার কর নেই

অপরদিকে, বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত লেনদেন করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে টার্নওভার কর থেকে অব্যাহতি দিয়েছে এনবিআর। ৩১ আগস্ট এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বছরে দুই কোটি থেকে চার কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ৫ শতাংশ হারে টার্নওভার কর দিতে হবে। আর চার কোটি টাকার বেশি টার্নওভার হলে প্রতিষ্ঠানগুলোকে ১ শতাংশ হারে ন্যূনতম কর দিতে হবে। এই টার্নওভার কর ১ শতাংশ হার আগে থেকেই ছিল। কিন্তু কিছু ব্যতিক্রম ছাড়া তা সবার জন্য প্রযোজ্য ছিল। এখন সেখানে কিছুটা ছাড় দেওয়া হলো। এনবিআরের একজন কর্মকর্তা জানান, ছোট ব্যবসায়ীদের স্বস্তি দিতেই এই করছাড় দিয়েছে এনবিআর। এতে ব্যবসায়ীদের সুবিধা হবে। তবে শূন্য দশমিক ২৫ শতাংশ করা সম্ভব নয় বলে জানান এই কর্মকর্তা।