নোয়াখালীর ছয় আসনের পাঁচটিতেই বিএনপির জয়

নোয়াখালী ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে বিএনপি। আর একটিতে জয় পেয়েছে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বেসরকারিভাবে এসব আসনের ফল ঘোষণা করেন।

বিজয়ী বিএনপির প্রার্থীরা হলেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক) আসনে এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী ২ (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) আসনে জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মো. বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে মো. শাহজাহান ও নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ কবিরহাট ও সদর উপজেলার দুই ইউনিয়ন) আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জয়ী হয়েছেন।

ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তাঁর ভোটের ব্যবধান ৭০ হাজার ১৯৩। আর সবচেয়ে কম ভোটে জিতেছেন নোয়াখালী ২ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তাঁর ভোটের ব্যবধান ১৬ হাজার ৯২৮।